বিআইটিআইডি চট্টগ্রামে অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উদযাপন

বিআইটিআইডি চট্টগ্রামে অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উদযাপন

বিশ্ব এএমআর সচেতনতা সপ্তাহ ২০২৬ উপলক্ষে চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। সোমবার (২৩ নভেম্বর) প্রতিষ্ঠানের উদ্যোগে র‍্যালি, লিফলেট বিতরণ, বৈজ্ঞানিক সেমিনার, প্রাতিষ্ঠানিক বার্ষিক অ্যান্টিবায়োগ্রাম প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এবারের প্রতিপাদ্য ছিল, ‘মানুষ, প্রাণী ও পরিবেশ সুরক্ষা—অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে এখনই প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইটিআইডির পরিচালক ডা. ইফতেখার আহমদ।

অনুষ্ঠানে প্রাতিষ্ঠানিক বার্ষিক অ্যান্টিবায়োগ্রাম উপস্থাপন করেন বিআইটিআইডির মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. জাকির হোসেন। তিনি বিআইটিআইডির মাইক্রোবায়োলজি ল্যাবে পরীক্ষিত কালচার নমুনার প্রতিবেদন পর্যালোচনা করে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। একই সঙ্গে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে জীবাণুর প্রতিরোধক্ষমতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।

আলোচনা সভায় প্যানেল অব এক্সপার্ট হিসেবে বক্তব্য দেন বিআইটিআইডির ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. মামুনুর রশীদ, শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহাবুব আনাম শাহরিয়ার খান এবং কমিউনিটি মেডিসিন ও এপিডেমিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রুমানা রশীদ।

সেমিনারে বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা সংরক্ষণ করতে হলে এর দায়িত্বশীল ও যৌক্তিক ব্যবহার নিশ্চিত করার কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নীতিনির্ধারক, প্রাণিসম্পদ সংশ্লিষ্ট পেশাজীবী এবং সাধারণ জনগণের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতির দিকনির্দেশনামূলক বক্তব্যের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি হয়।

এসব কর্মসূচিতে বিআইটিআইডির চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন