মশারি টানিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ

মশারি টানিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ
প্রতিবাদের ধরন ব্যতিক্রমী। ছবি: আমার দেশ

সিলেট সিটি করপোরেশনের কার্যকর উদ্যোগের অভাবের অভিযোগ তুলে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে দুটি সামাজিক সংগঠন। মশার উপদ্রব থেকে বাঁচতে মশারি টানিয়ে নগরের রাজপথে শোভাযাত্রা করেছেন সংগঠন দুটির নেতাকর্মী ও নাগরিকরা।

মঙ্গলবার ‘মশা নিয়ে ভাবনা আর না আর না, সিলেট সিটি করপোরেশনের লোক দেখানো মশার ওষুধ ছিটানো আমরা আর দেখতে চাই না’—এমন স্লোগানে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ করে সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা। পরে সেখান থেকে মশারি টানিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, শীতের শুরুতে মশার উপদ্রব বাড়তে পারে, এটি বিবেচনায় নিয়ে সিলেট সিটি করপোরেশনের আগাম প্রস্তুতি ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু মশক নিধনে দৃশ্যমান তৎপরতা থাকলেও ব্যবহৃত ওষুধে মশা নিধন হচ্ছে না। ফলে দিন দিন পরিস্থিতির অবনতি হচ্ছে। মশার যন্ত্রণায় নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

বক্তারা আরও বলেন, মশক নিধনে আগামী এক মাসের মধ্যে মাঠপর্যায়ে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় নগরবাসীর স্বার্থে সিটি করপোরেশন প্রাঙ্গণে মশারি ও মশা নিধনে ব্যবহৃত জনসাধারণের বিভিন্ন সামগ্রী নিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

সিলেট কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে সংগঠন দুটির জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীসহ অর্ধশতাধিক নাগরিক সমাবেশ ও শোভাযাত্রায় অংশ নেন।

এ বিষয়ে মোহাম্মদ এহছানুল হক তাহের বলেন, মশক নিধনে কার্যকর অভিযান শুরু করতে সিটি করপোরেশনকে এক মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে মশারি ও মশা নিধনে ব্যবহৃত জনসাধারণের বিভিন্ন সামগ্রী নিয়ে নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য, গত মাসের ২৮ তারিখে সিলেট নগরে এডিস মশার লার্ভা ধ্বংসসহ মশক নিধনে বিশেষ অভিযান শুরু করে সিলেট সিটি করপোরেশন।

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, মশক নিধনে গত মাস থেকে নগরের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চলমান রয়েছে। সিসিকের কাছে পর্যাপ্ত ওষুধ রয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন করা হলে সিটি করপোরেশনের পক্ষ থেকে তাৎক্ষণিক ওই এলাকায় মশার ওষুধ ছিটানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন