বগুড়ার মোকামতলায় সিঁধ কেটে ঘরে ঢুকে আমিজা বেগম (৫৫) নামের এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় দুর্বৃত্তরা নিহতের নাক, কান ও হাতে থাকা স্বর্ণের জিনিসও লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন স্বজনরা। মঙ্গলবার সকালে মোকামতলার শংকরপুর মাস্টারপাড়া গ্রামের নিজ শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আমিজা ওই গ্রামের মৃত জিন্না মিয়ার স্ত্রী। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন এবং বাড়িতে একাই বসবাস করতেন। বাড়ির পাশে ছোট একটি মুদির দোকানে ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন তিনি।
স্থানীয় বাসিন্দা ও স্বজনরা জানায়, সোমবার রাতে খাবার খেয়ে আমিজা নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত তিনি দোকানে না আসায় স্বজন ও প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা বাড়িতে গিয়ে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া পাননি। একপর্যায়ে স্বজনেরা দরজা খুলে ঘরের ভেতরে প্রবেশ করেন। সেখানে খাটের ওপর কাঁথা ও বালিশ দিয়ে মুখ ঢাকা অবস্থায় আমিজার লাশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


