প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব

হাসিনার দেশে ফেরা নিয়ে গণমাধ্যমের শিরোনাম বিভ্রান্তিকর

হাসিনার দেশে ফেরা নিয়ে গণমাধ্যমের শিরোনাম বিভ্রান্তিকর

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত শিরোনাম বিভ্রান্তিকর ও মূল প্রতিবেদনের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)। তার অভিযোগ, দেশীয় গণমাধ্যমের অনেক শিরোনামে শেখ হাসিনার মুখপাত্রের বক্তব্যকে সরাসরি শেখ হাসিনার বক্তব্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে দেশে ফেরার বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থানও আড়াল করা হয়েছে।

মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে সুজাউদ্দৌলা লেখেন, দেশীয় গণমাধ্যমগুলোর শিরোনাম পড়লে মনে হয়, শেখ হাসিনা নিজেই রয়টার্সকে দেশে ফেরার কথা জানিয়েছেন। অথচ রয়টার্সের প্রতিবেদনের প্রথম বাক্যেই স্পষ্ট করা হয়েছে, তথ্যটি এসেছে তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বিবৃতি থেকে। প্রতিবেদনে ‘হার স্পোকসপারসন টোল্ড রয়টার্স’ উল্লেখ থাকলেও দেশীয় গণমাধ্যমের শিরোনামে মুখপাত্রের কোনো উল্লেখ নেই। ফলে তথ্যের প্রকৃত উৎস অস্পষ্ট থেকে গেছে। শিরোনামের শেষে কোলন দিয়ে শুধু ‘রয়টার্স’ লেখায় মুখপাত্রের বক্তব্য শেখ হাসিনার সরাসরি বক্তব্য বলে প্রতীয়মান হচ্ছে।

তিনি আরও লেখেন, রয়টার্সের প্রতিবেদনটি লিখেছেন ভারতীয় সাংবাদিক কৃষ্ণ এন দাস। বাংলাদেশ সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা ৫৬ মিনিটে প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয় এবং পরে সংশোধন করা হয়। প্রতিবেদনটির প্রথম বাক্য ও সারসংক্ষেপে শেখ হাসিনার পক্ষের দাবির পাশাপাশি বাংলাদেশ সরকারের অবস্থানও সমান গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, শেখ হাসিনা কেবল প্রত্যর্পণের মাধ্যমেই দেশে ফিরতে পারবেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের অভিযোগ, দেশীয় অনেক গণমাধ্যমের শিরোনামে শুধু ‘বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান’—এই অংশটুকু একপক্ষীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। একই অনুরোধকে বাংলাদেশ সরকার যে অলীক বা ‘ডিলিউশনাল’ বলে নাকচ করেছে, শিরোনামে তার কোনো ইঙ্গিত রাখা হয়নি। ফলে শিরোনাম পড়ে পাঠক পুরো ঘটনার অর্ধেক তথ্য জানতে পারছেন।

সুজাউদ্দৌলা জানান, রয়টার্সের প্রতিবেদনে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও দেশীয় গণমাধ্যমে বাদ পড়েছে। এর মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের তিনটি বক্তব্য বিশেষভাবে উল্লেখযোগ্য। রয়টার্সকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, ‘হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী; একজন পলাতক সন্ত্রাসী।’ তিনি আরও বলেছেন, ‘তিনি কেবল প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই দেশে ফিরতে পারেন; হাতকড়া পরা অবস্থায় এবং কঠোর নজরদারিতে।’ উড়োজাহাজের অনুরোধ প্রসঙ্গে তার বক্তব্য, ‘বাংলাদেশ এ ধরনের কোনো অলীক অনুরোধ গ্রহণ করবে না।’

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, রয়টার্সের প্রতিবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের বক্তব্যও রয়েছে। তিনি বলেছেন, একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামির সরকারের কাছে দেশে ফেরার ব্যবস্থা আশা করা অযৌক্তিক।

অন্যদিকে, এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে গত এপ্রিল মাসে বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মেট্রিক্স চেম্বারের মাধ্যমে শেখ হাসিনার জাল সই ব্যবহার করে পাসপোর্ট আবেদনের ঘটনার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বর্তমান বিবৃতিকেও একই ধরনের তৎপরতা হিসেবে অভিহিত করেন। তার ভাষায়, ভারতীয় সাংবাদিকের লেখা প্রতিবেদনটি একধরনের ‘স্ট্যান্ডবাজিমূলক প্রতিবেদন’।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...