ঢাকায় চার দিনের বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল, নিটিং অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি এক্সিবিশন (বিটিকেজি এক্সপো ২০২৬) আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মেলা চলবে ২ মে পর্যন্ত।
মেলা উপলক্ষে শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।
বিকেএমইএ ও ইনফরচেইন ডিজিটাল টেকনোলজি কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। আয়োজকেরা জানান, প্রায় ৩০টি দেশের এক হাজারের বেশি প্রদর্শক এতে অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ হাতেম বলেন, তৈরি পোশাক খাত দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে। ২০২৪–২৫ অর্থবছরে এ খাত থেকে প্রায় ৩৯ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে, যা দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি।
তিনি বলেন, এই খাত দেশের মোট জিডিপিতে প্রায় ১২–১৩ শতাংশ অবদান রাখছে এবং চার মিলিয়নের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিল্পকে আরও প্রযুক্তিনির্ভর, দক্ষ ও টেকসই উৎপাদনের দিকে যেতে হবে। এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী সেই পথকে এগিয়ে নিতে সহায়ক হবে।
বাংলাদেশসহ কানাডা, চীন, তাইওয়ান, বেলজিয়াম, ফ্রান্স, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, ভিয়েতনাম, মালয়েশিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করবে।
প্রদর্শনীতে টেক্সটাইল মেশিনারি, ডাই ও কেমিক্যালস, নিটিং ও বয়ন প্রযুক্তি, এমব্রয়ডারি, কাটিং ও সেলাই যন্ত্র, ওয়াশিং ও ড্রাই ক্লিনিং প্রযুক্তিসহ আধুনিক সরঞ্জাম তুলে ধরা হবে।
আয়োজকেরা বলেন, ২৯ এপ্রিল প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় অর্থমন্ত্রী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী। এছাড়া ২ মে বিকেল সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ ও বনমন্ত্রী।
আয়োজকরা জানান, মেলার অংশ হিসেবে বিকেএমইএ, বুটেক্স ও টেক্সটাইল টুডের যৌথ উদ্যোগে তিনটি সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে শিল্পের বর্তমান অবস্থা, প্রযুক্তিগত অগ্রগতি এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হবে।
মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইনফরচেইন ডিজিটাল টেকনোলজি কোম্পানি লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর স্পেন্সার লিন এবং অ্যালিয়েন্ট লিমিটেডের সিইও রুবাইয়াত আহসানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

