সুপ্রিম কোর্টে অগ্নিনিরাপত্তা মহড়া করেছে ফায়ার সার্ভিস

সুপ্রিম কোর্টে অগ্নিনিরাপত্তা মহড়া করেছে ফায়ার সার্ভিস

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অগ্নিনিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ ও মহড়া পরিচালনা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সোমবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মহড়ায় অগ্নিদুর্ঘটনার প্রাথমিক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণ, অগ্নিনির্বাপণ যন্ত্রের ব্যবহার এবং ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. নুরুল আমিন বিপ্লব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, এসইউপি এবং হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মো. আবু সাঈদ।

সকাল ১১টায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট ভবনের মিলনায়তনে তাত্ত্বিক প্রশিক্ষণ ক্লাসের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন, বিএফএম (বার)।

তাত্ত্বিক প্রশিক্ষণ শেষে হাইকোর্ট বিভাগের অ্যানেক্স ভবনের সামনে ব্যবহারিক মহড়া অনুষ্ঠিত হয়। এতে অগ্নিদুর্ঘটনার প্রাথমিক পর্যায়ে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নেভানোর পদ্ধতি হাতে-কলমে দেখানো হয়।

এ ছাড়া ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করার জন্য রোপ ডিসেন্ডিং, টু-পয়েন্ট সাসপেনশন পদ্ধতি, রোপ র‍্যাপেলিং, অটোস্কেপ এবং টিটিএল ব্যবহারের কৌশল প্রদর্শন করা হয়। পাশাপাশি উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের অগ্নিনির্বাপণ যন্ত্রের সঠিক ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয় এবং তাদের দিয়ে ব্যবহারিক অনুশীলন করানো হয়।

মহড়াটি পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কমান্ডার মো. ফয়সালুর রহমান ও এনামুল হক।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন