আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) কর্তৃক আয়োজিত একটি কারিগরি সহযোগিতা বিশেষজ্ঞ মিশন ‘আইএইএ ওয়াটার অ্যাভেইলেবিলিটি এনহ্যান্সমেন্ট অ্যাপ্রোচ (আইওয়েভ)’ বাস্তবায়নে সহায়তা প্রদানের উদ্দেশ্যে ১৯ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে।
আইএইএ’র বিশেষজ্ঞ ড. মেলানি ভিটাল এবং ফ্রান্সের ইউনিভার্সিটি ডি কর্স পাস্কাল পাওলি -এর অধ্যাপক ফ্রেডেরিক হুনো –এই দুই সদস্য বিশিষ্ট মিশনের লক্ষ্য হলো আইসোটোপ হাইড্রোলজি কৌশল প্রয়োগের মাধ্যমে টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনার জন্য বাংলাদেশের জাতীয় সক্ষমতা বৃদ্ধি করা। মিশনটি আগামী ২৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত চলবে।
মিশনের অংশ হিসেবে, বিশেষজ্ঞগণ সাভারের গণকবাড়ীতে অবস্থিত ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজির আইসোটোপ হাইড্রোলজি বিভাগের (আইএইচডি) গবেষণাগার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তাঁরা জানান, আইসোটোপ হাইড্রোলজি বিভাগের বিশ্লেষণী সুবিধাদি এবং জনবলের ঘাটতি রয়েছে। বিশেষজ্ঞগণ আইএইচডিতে আইএইএ’র কারিগরি সহযোগিতা (টিসি) এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পানির আইসোটোপিক বিশ্লেষণীয় সুবিধাদি বৃদ্ধি করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
বিশেষজ্ঞ মিশনের কর্মপরিকল্পনার আওতায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) আইসোটোপ হাইড্রোলজি বিভাগ ২০ এপ্রিল ২০২৬ তারিখে বিএইসি’র সদর দপ্তরে একটি জাতীয় ষ্টেকহোলডার কর্মশালা ও কারিগরি পরামর্শ সভার আয়োজন করে। কর্মশালাটির লক্ষ্য ছিল দেশের পানি সম্পদ মূল্যায়নে আইসোটোপ- ভিত্তিক নিউক্লিয়ার প্রযুক্তি সম্পর্কে বিভিন্ন ষ্টেকহোলডার প্রতিষ্ঠানের বিশেষজ্ঞগণকে সম্যক ধারণা প্রদান করা, আন্তঃসংস্থা সহযোগিতা জোরদার করা এবং দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে ভবিষ্যৎ সহযোগিতার জন্য অগ্রাধিকার মূলক ক্ষেত্রগুলো চিহ্নিত করা।
আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় সচিব মো. আনোয়ার হোসেন এবং সভাপতিত্ব করেন বিএইসি-এর চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন জাতীয় উন্নয়ন পরিকল্পনা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDGs) সমর্থনে বিজ্ঞান-ভিত্তিক পানি সম্পদ পরিকল্পনা শক্তিশালী করার ক্ষেত্রে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সেই মোতাবেক তিনি দেশে ‘আইওয়েভে’র কর্মসূচী বাস্তবায়নে সরকারের পক্ষ হতে সার্বিক সহযোগীতা প্রদানে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভাপতির ভাষণে বিএইসি-এর চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম দেশের পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনার উন্নতির জন্য প্রচলিত হাইড্রোলজিক্যাল পদ্ধতির সাথে আইসোটোপ হাইড্রোলজি প্রযুক্তিকে সমন্বিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
আইএইএ-এর কারিগরি কর্মকর্তা ড. মেলানি ভিটাল বাংলাদেশে পানি-সম্পর্কিত সমস্যা মোকাবেলায় আইসোটোপ প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনার ওপর আলোকপাত করেন। তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের পানি সম্পদ সমস্যা সমাধানে আই এ ই এর টেকনিক্যাল কো-অপারেশন প্রকল্পের চাহিদায় আইসোটোপ হাইড্রোলজি প্রযুক্তি ব্যবহারের বিষয়টিকে অগ্রাধিকার প্রদান করা হলে বাংলাদেশে ‘আইওয়েভে’র কর্মসূচী বাস্তবায়ন করা সম্ভব। অধ্যাপক হুনো উল্লেখ করেন যে, ‘আইওয়েভ’ কর্মসূচির সফল বাস্তবায়ন আইসোটোপ হাইড্রোলজি বিভাগের আইসোটোপিক বিশ্লেষণ ক্ষমতা উন্নয়নে সহায়ক হবে।
আইসোটোপ হাইড্রোলজি বিভাগের প্রধান ড. রতন কুমার মজুমদার তাঁর বক্তব্যে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে আইসোটোপ হাইড্রোলজি প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে আইএইএ’র প্রযুক্তিগত সহযোগীতার পাশাপাশি বাংলাদেশ সরকারের প্রকল্প সহায়তার প্রয়োজনীয়তা রয়েছে বলে উল্লেখ করেন।
মিশনের ফলাফল একত্রীকরণ, জাতীয় আইওয়েভ রোডম্যাপ চূড়ান্তকরণ, বাস্তবায়নে বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব এবং জাতীয় পানি-সংক্রান্ত সমস্যা মোকাবেলায় অগ্রাধিকার মূলক সমস্যা চিহ্নিত করণের মাধ্যমে এই মিশনটি ২৩ এপ্রিল ২০২৬ তারিখে সমাপ্ত হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

