স্যান্ডোজের সঙ্গে নতুন চুক্তি নেভিয়ান লাইফসায়েন্সের

স্যান্ডোজের সঙ্গে নতুন চুক্তি নেভিয়ান লাইফসায়েন্সের

সুইজারল্যান্ডভিত্তিক জেনেরিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যান্ডোজের সঙ্গে অংশীদারত্ব আরো জোরদার করেছে নেভিয়ান লাইফসায়েন্স পিএলসি (ভূতপূর্ব নোভার্টিস বাংলাদেশ লিমিটেড)। এ লক্ষ্যে স্যান্ডোজ ফার্মাসিউটিক্যালস ডিডির সঙ্গে নতুন একটি চুক্তি করেছে নেভিয়ান।

বিজ্ঞাপন

সম্প্রতি স্বাক্ষরিত চুক্তির আওতায় বাংলাদেশে স্যান্ডোজের বিভিন্ন ওষুধ আমদানি ও বিপণন করবে নেভিয়ান। এর মধ্যে বিশেষ প্রযুক্তিতে প্রস্তুত কিছু জটিল জেনেরিক ওষুধও রয়েছে। মধ্য ইউরোপের স্লোভেনিয়ায় অবস্থিত স্যান্ডোজ ফার্মাসিউটিক্যালস ডিডি সুইজারল্যান্ডভিত্তিক স্যান্ডোজ এজির আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র হিসেবে কাজ করে।

ওষুধ শিল্পে ২০০ বছরের বেশি ঐতিহ্য নিয়ে ১৯৭৩ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে সুইজারল্যান্ডের সিবা-গেইগি। আরেক বহুজাতিক প্রতিষ্ঠান স্যান্ডোজের সঙ্গে বিশ্বব্যাপী একীভূতকরণের পর ১৯৯৬ সালে এটি নোভার্টিস বাংলাদেশ লিমিটেড নামে আত্মপ্রকাশ করে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে পরিচালিত কোম্পানিটির সিংহভাগ শেয়ার ২০২৫ সালে অধিগ্রহণ করে দেশের শীর্ষস্থানীয় ওষুধ নির্মাতা রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস। এরপর নোভার্টিস বাংলাদেশ লিমিটেডের নাম পরিবর্তন করে রাখা হয় নেভিয়ান লাইফসায়েন্স পিএলসি।

নতুন পরিচয়ে নেভিয়ান টঙ্গীতে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের জিএমপি সনদপ্রাপ্ত কারখানা থেকে একাধিক লাইসেন্সিং ব্যবস্থার আওতায় নোভার্টিস ও স্যান্ডোজের বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ স্থানীয়ভাবে উৎপাদন ও বাজারজাত করে আসছে। একই কারখানা থেকে চুক্তিভিত্তিক উৎপাদন ব্যবস্থার আওতায় রপ্তানিকৃত ওষুধ বিশ্বের বিভিন্ন দেশে আমদানি করছে স্যান্ডোজ।

স্যান্ডোজের সঙ্গে নতুন এ চুক্তিকে নেভিয়ানের আন্তর্জাতিক অংশীদারত্ব বিস্তারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর ফলে বাংলাদেশের রোগীরা জটিল রোগের চিকিৎসায় স্যান্ডোজের বিভিন্ন অত্যাধুনিক ও বিশেষ প্রযুক্তিতে তৈরি জেনেরিক ওষুধ ব্যবহারের সুযোগ পাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন