বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
সকালে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও এলামনাইদের উপস্থিতিতে রঙিন বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি ক্যাম্পাস ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।
এরপর বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান।
শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন অধ্যাপক ড. অনিন্দিতা পাল। কর্মকর্তাদের পক্ষে বক্তব্য দেন রোজিনা পারভিন। প্রাক্তন শিক্ষার্থী (এলামনাই) প্রতিনিধিদের পক্ষে বক্তব্য দেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য ড. রুবানা হক। ট্রাস্টি বোর্ডের পক্ষে বক্তব্য দেন ট্রাস্টি বোর্ডের সদস্য মুনিজে মঞ্জুর।
অনুষ্ঠানে সাবেক উপাচার্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

স্মৃতিচারণ পর্বে বক্তারা ১৯৯৬ সালের সেপ্টেম্বরে মাত্র ২০ জন শিক্ষার্থী নিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর ইতিহাস তুলে ধরেন। তারা বিগত তিন দশকে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক সাফল্য, বিশ্বমানের শিক্ষা প্রদান এবং গবেষণায় বিভিন্ন অর্জনের কথা উল্লেখ করেন। একই সঙ্গে আগামী দিনে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরো সুদৃঢ় করার বিভিন্ন দিকনির্দেশনা ও রূপরেখা তুলে ধরা হয়।
আলোচনা পর্বের বিভিন্ন সময়ে এবং শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এলামনাই ও শিক্ষকরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

