স্মার্ট ক্যাম্পাসের পথে ইউএপি, চালু হলো 'ওয়ানকার্ড'

স্মার্ট ক্যাম্পাসের পথে ইউএপি, চালু হলো 'ওয়ানকার্ড'

স্মার্ট ও ডিজিটাল ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ডিজি ইনফোটেক লিমিটেডের সহযোগিতায় 'ইউএপি ওয়ানকার্ড' চালু করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। সমন্বিত এই ডিজিটাল ক্যাম্পাস সল্যুশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, বিভিন্ন ক্যাম্পাস সেবা, ক্যাশলেস পেমেন্ট এবং ডিজিটাল ক্রেডেনশিয়াল ব্যবস্থাপনাকে একটি প্ল্যাটফর্মের আওতায় আনা হয়েছে।

বিজ্ঞাপন

ইউএপির ৩০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে আজ সোমবার রাজধানীর গ্রিন রোডে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে 'ইউএপি ওয়ানকার্ড'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ডিজি ইনফোটেক লিমিটেডের সহযোগিতায় চালু হওয়া ওয়ানকার্ডে একটি ফিজিক্যাল স্মার্ট কার্ডের পাশাপাশি রয়েছে OneID App, DGePay App, DGePay Merchant App এবং OneCard Vault। এর মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যবহারকারীদের জন্য পরিচয়, পেমেন্ট ও বিভিন্ন ডিজিটাল নথি ব্যবস্থাপনা আরও সহজ ও নিরাপদ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

OneID App-এর মাধ্যমে ডিজিটাল পরিচয় ও ক্রেডেনশিয়াল ব্যবস্থাপনা করা যাবে। আর DGePay App ব্যবহার করে অ্যাকাউন্ট ব্যবস্থাপনা ও ক্যাশলেস পেমেন্ট করা যাবে। অংশগ্রহণকারী মার্চেন্টরা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করতে পারবেন।

এ ছাড়া OneCard Vault-এ সার্টিফিকেট, পরিচয়পত্র, এনরোলমেন্ট লেটার ও ট্রান্সক্রিপ্টের মতো যাচাইকৃত নথি নিরাপদে সংরক্ষণ করা যাবে। প্রাথমিক পর্যায়ে ওয়ানকার্ডের আওতায় থাকছে অ্যাটেনডেন্স, লাইব্রেরি, ক্যান্টিন, ডিজিটাল পরিচয় ও ক্রেডেনশিয়াল সেবা। পর্যায়ক্রমে এর সঙ্গে আরও বিভিন্ন ক্যাম্পাস সেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (জনপ্রশাসন মন্ত্রণালয়) জনাব মো. ইসমাইল জাবিউল্লাহ ইউএপি ওয়ানকার্ডকে উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি ইউএপি ও ডিজি ইনফোটেক লিমিটেডের এই সমন্বিত ক্যাম্পাস সেবা চালুর উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও দক্ষ ও শিক্ষার্থীবান্ধব করতে নিরাপদ ও প্রযুক্তিনির্ভর সেবা ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব কে. এম. মোজিবুল হক ওয়ানকার্ডকে বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিগত অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ উদ্যোগ ইউএপির ডিজিটাল সেবা আরও শক্তিশালী করার পাশাপাশি একটি আধুনিক, দক্ষ ও সংযুক্ত ক্যাম্পাস পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া। তিনি বলেন, ওয়ানকার্ড একটি আধুনিক ও সমন্বিত সেবা ব্যবস্থাপনার ধারণা, যেখানে ডিজিটাল পরিচয়, পেমেন্ট ও ক্রেডেনশিয়াল ব্যবস্থাপনাকে একই প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে। এর ফলে দৈনন্দিন ক্যাম্পাস কার্যক্রম আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে। ডিজি ইনফোটেক লিমিটেডের সঙ্গে এই অংশীদারিত্ব ইউএপির চলমান ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ওয়ানকার্ডের বিভিন্ন সেবা ও কার্যক্রম নিয়ে ভিডিও প্রদর্শন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব। এতে ডিজি ইনফোটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রাশেদ মাহমুদ ওয়ানকার্ডের প্রযুক্তিগত দিক, বিশেষ করে OneID, DGePay, OneCard Vault এবং সমন্বিত পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতে প্ল্যাটফর্মটির সঙ্গে আরও বিভিন্ন সেবা যুক্ত করার সম্ভাবনার কথা জানান।

অনুষ্ঠানে ইউএপির ট্রাস্টি বোর্ডের সদস্যগণ, শিক্ষক, কর্মকর্তা, ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন