ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের সব ব্যাংকিং সেবা মিলবে ১৫ অক্টোবর থেকে

ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের সব ব্যাংকিং সেবা মিলবে ১৫ অক্টোবর থেকে

আগামী ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংক পিএলসির গ্রাহকরা ব্যাংকের সব ধরনের ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। ওই দিন থেকে দেশের সব শাখা ও এটিএম বুথে গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের সুযোগ থাকবে। একই সঙ্গে কাউন্টার সেবা, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিংসহ ব্যাংকের সব ডিজিটাল ও অনলাইন সেবাও পূর্ণমাত্রায় চালু হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহমদ, মো. সরওয়ার হোসেন ও মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে গভর্নর আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকিং খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ন্যাশনাল ব্যাংকের সব আমানতকারীর চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আগামী ১৫ অক্টোবর থেকে দেশের সব শাখা ও এটিএম বুথের মাধ্যমে গ্রাহকদের চাহিদা অনুযায়ী সব ধরনের ব্যাংকিং সেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জানান, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগের ফলে ন্যাশনাল ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। একই সঙ্গে ব্যাংকের দক্ষতা ও কার্যক্ষমতা বাড়াতে ঊর্ধ্বতন ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে।

তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতা এবং পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় ন্যাশনাল ব্যাংক আবারও পূর্ণ গতিতে গ্রাহকসেবায় ফিরছে। দীর্ঘ সময় ধরে যেসব গ্রাহক ধৈর্য ধরে আমাদের পাশে ছিলেন, তাঁদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

খেলাপি ঋণ আদায়ের বিষয়ে চেয়ারম্যান বলেন, “খেলাপি ঋণ আদায়ে আমরা সব সময়ই কঠোর অবস্থানে ছিলাম। আগামীতেও কোনো খেলাপিকেই ছাড় দেওয়া হবে না। সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে আমরা গ্রাহকের আস্থা পুরোপুরি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।”

ন্যাশনাল ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক জানান, ১৫ অক্টোবর থেকে ব্যাংকিং সেবা নির্বিঘ্ন রাখতে দেশের সব শাখা ও এটিএম বুথে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে, নির্ধারিত তারিখ থেকে গ্রাহকরা স্বাভাবিকভাবে ব্যাংকের সব ধরনের সেবা গ্রহণ করতে পারবেন এবং এর মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের গ্রাহকসেবা কার্যক্রম আরও গতিশীল হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন