অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, রামিসা হত্যা মামলায় প্রকৃত আসামির সাজা বহাল থাকায় ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারের খালাসের বিরুদ্ধে আপিল করবে কি না, সে সিদ্ধান্ত নেবে রামিসার পরিবার।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রামিসা হত্যা মামলার রায় ঘোষণার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এর আগে রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে খালাস দেওয়া হয়েছে। হাইকোর্ট বলেছে, মৃত্যুদণ্ডই সোহেল রানার উপযুক্ত শাস্তি।
হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করে।
এর আগে সোমবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করে। এক দিনেই উভয় পক্ষের শুনানি শেষ করে রায়ের দিন নির্ধারণকে দ্রুত বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী, সৈয়দ ইজাজ কবির ও মেহেদী হাসান। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। অভিযোগ অনুযায়ী, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেন সোহেল রানা। পরে লাশ খণ্ডবিখণ্ড করে ফ্ল্যাটের শৌচাগারের জানালার গ্রিল কেটে পালিয়ে যান তিনি। ওই বাসা থেকেই তার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে পুলিশ। একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


