কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথী ও তার মা তাহমিনা বেগম হত্যা মামলার একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত সুমাইয়ার ভাই তাজুল ইসলাম ও সহপাঠীরা। তারা দ্রুত এ রায় কার্যকরের দাবি জানিয়েছেন।
আজ বুধবার দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াসিন আরাফাত এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আব্দুল মোতালেব জানান, মাত্র দুই মাস ১৫ দিনের মধ্যে মামলাটির বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। গত ১২ অক্টোবর সাক্ষ্যগ্রহণ শেষ হয় এবং ২৭ অক্টোবর যুক্তিতর্ক সম্পন্ন হয়। মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করা হয়েছে। বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সুমাইয়াকে হত্যার দায়ে দুই লাখ টাকা এবং তার মা তাহমিনা বেগমকে হত্যার দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘আজকের এ রায়ের মাধ্যমে একটি বার্তা প্রতিষ্ঠিত হয়েছে—কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমরা চাই, দ্রুত এ রায় কার্যকর হোক।’
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নিহত সুমাইয়ার ভাই মো. তাজুল ইসলাম। রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি ন্যায়বিচার পেয়েছি। এখন দ্রুত এ রায় বাস্তবায়ন দেখতে চাই। এমন ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয়। আশা করছি, উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে।’
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসায় সুমাইয়া আফরিন রিনথী ও তার মা তাহমিনা বেগমকে হত্যা করা হয়। পরদিন ৮ সেপ্টেম্বর ওই বাসা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়।
ঘটনার পর অভিযুক্ত মো. মোবারক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ৯ সেপ্টেম্বর কুমিল্লার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।
তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ঝাড়ফুঁকের সূত্রে সুমাইয়ার পরিবারের সঙ্গে মোবারকের পরিচয় হয়। ঘটনার আগে প্রায় এক মাস ধরে তিনি ওই বাসায় যাতায়াত করতেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামি সুমাইয়াকে ধর্ষণ এবং বিষয়টি দেখে ফেলায় তার মাকে হত্যার কথা স্বীকার করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

