দুই দশক আগে রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিকুল আলম ওরফে শফিক নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই ছিনতাইকারীর মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছেন আদালত।
রোববার (১৯ জুলাই) দুপুরে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোসাদ্দেক মিনহাজের আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডের পাশাপাশি প্রত্যেকের ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন-মো. সোহেল রানা ওরফে কালু ও মো. নাজিম উদ্দিন ওরফে নাজিম ওরফে নজু।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. খলিলুর রহমান (খলিল) এ তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তার পরোয়ানা জারি করেন আদালত।
বিচারক রায়ে উল্লেখ করেন, আসামিরা পেশাদার অপরাধী। তাদের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও মাদকের একাধিক মামলা রয়েছে। একজন সম্ভাবনাময় শিক্ষিত যুবককে ধারালো অস্ত্র দিয়ে উপুর্যপরি আঘাতের মাধ্যমে নির্মমভাবে খুন করা হয়েছে। ছিনতাই করতে গিয়ে এমন হত্যাকাণ্ডে জড়িত আসামিরা সর্বোচ্চ শাস্তি পেতে হকদার।
মামলায় অভিযোগে করা হয়, ২০০৫ সালের ২২ জুন ভোর সোয়া ৪ টার দিকে ভিকটিম শফিক বগুড়া থেকে এস.আর পরিবহনে ঢাকা কল্যাণপুর বাসস্ট্যান্ডে নেমে। পরে তার বন্ধুর বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা করেন। পথিমধ্যে এশিয়া সিনেমা হলের সম্মুখে পৌঁছলে তিন আসামি ছিনতাইয়ের উদ্দেশ্যে তার পথরোধ করে দাঁড়ায়। এরপর তারা তাদের ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে সঙ্গে থাকা নগদ অর্থ, মোবাইল জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার কালে ভিকটিমের শরীরে বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মৃত্যু হয়। ওই ঘটনায় মিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহতের বাবা মো. আকবর আলী।
মামলা দায়েরের পর আসামি মো. সোহেল রানা ওরফে কালুকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে সে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। পরে জামিনে গিয়ে পলাতক হন তিনি।
মামলাটি তদন্ত শেষে ২০০৬ সালের ৫ এপ্রিল তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক মো. রেজাউল করিম আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে একই বছরের ২৩ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেয়। মামলাটি বিচারকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহন করেছেন আদালত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

