পারভেজ হত্যা মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা হৃদয় রিমান্ডে

পারভেজ হত্যা মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা হৃদয় রিমান্ডে

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হৃদয় মিয়াজীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও  বনানী থানার পুলিশ পরিদর্শক এ কে এম মাইন উদ্দিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানিতে আসামি পক্ষের আইনজীবী তাসলিমা মিনু বলেন, আমার মক্কেল ফার্মেসি ডিপার্টমেন্টের, তারা (নিহত পারভেজ সহ অন্যরা) অন্য ডিপার্টমেন্টের। এ হত্যার সঙ্গে তার কোন সম্পর্ক নেই। পারভেজ তার ডিপার্টমেন্টের কেউ না। মেয়েদেরও তিনি চিনেন না। পরে বিচারক মামলার তদন্ত কর্মকর্তাকে জিজ্ঞেস করেন, মেয়েরা কোথায়? তাদের ধরেননি কেন? তদন্ত কর্মকর্তা বলেন, এ মামলায় সন্দেহ করার মতো যৌক্তিক কারণ খুঁজে পাননি। সিসি ক্যামেরায় তাদের দেখা যায়নি। আবু জর পিয়াস অর্গানাইজ করেছে। আমরা তাকে খুঁজছি। এরপর বিচারক বলেন, মামলার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা আছে। তারা স্পটে ছিল, মেয়েগুলো ভূমিকা ছিল। তাদের খুঁজে বের করেন। 

এরপর আসামি পক্ষের আইনজীবী বলেন, সিসি ক্যামেরায় তার কোন ভূমিকার কথা বলা নাই। রাজনৈতিক ভাবে তাকে এ মামলায় জড়িত করা হয়েছে। 

রাষ্ট্র পক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিডিও ফুটেজ ও সিসি ক্যামেরা দেখেই তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি এজাহারনামীয় আসামি।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ২১ এপ্রিল সোমবার এ মামলায় তিন আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন একই আদালত।

গত ২১ এপ্রিল সোমবার রাতে কুমিল্লার তিতাস উপজেলার মনাইরকান্দি গ্রাম থেকে হৃদয়কে গ্রেফতার করে র‌্যাব। 

মামলা অভিযোগ করা হয়, ১৯ এপ্রিল ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জাহিদুল ইসলাম পারভেজের সঙ্গে তর্কবিতর্ক হয় তারই বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর। একপর্যায়ে দুই পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২২৩ ব্যাচের শিক্ষার্থী জাহিদুলকে একদল যুবক ছুরিকাঘাতে হত্যা করে।

এ ঘটনায় রোববার ভোরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতসহ ৮ জনের নাম উল্লেখ করে বনানী থানায় মামলা করেন পারভেজের ভাই হুমায়ুন কবির। এতে বিশ্ববিদ্যালয়টির এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারী ছাড়াও অজ্ঞাত আরও ১০/১৫ জনকে আসামি করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন