যুবদলের বহিষ্কৃত নেতা সাইমনসহ আটক ৪

যুবদলের বহিষ্কৃত নেতা সাইমনসহ আটক ৪
ছবি: সংগৃহীত

বাংলামোটরে গোলাগুলির ঘটনায় যুবদলের বহিষ্কৃত নেতা ফেরদৌস আহমেদ সাইমন ও তার ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, বাংলামোটর এলাকায় সোহান নামে এক ব্যক্তিকে আঘাত করে মাথা রক্তাক্ত করার ঘটনায় অভিযুক্ত ফেরদৌস আহমেদ সাইমন, তার ভাইসহ চারজনকে আটক করা হয়েছে। সাইমনসহ চারজনকে বিক্ষুব্ধ জনতা অবরুদ্ধ করে রাখে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।

তেজগাঁও বিভাগের কমিশনার বলেন, পূর্বশত্রুতার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। সোহানের মাথায় অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে কি না এবং তাকে গুলি করা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সাইমনকে থানা হেফাজতে রাখা হয়েছে। তার ফ্ল্যাটে তল্লাশি চালিয়েও কোনো অস্ত্র পাওয়া যায়নি। তাকে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি পরিষ্কার হবে।

এদিকে, ফেরদৌস আহমেদ সাইমনের সঙ্গে কথা-কাটাকাটির জেরে সোহান (৪৫) নামে এক ব্যক্তিকে অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করার পর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে সাইমনের বিরুদ্ধে।

পালিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা সাইমনের মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়। পরে রক্তাক্ত অবস্থায় সোহানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার মাথায় বেশ কয়েকটি সেলাই লেগেছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন