দুর্নীতির মামলায় বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩৮তম ব্যাচে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত সঞ্জয় দাস ও পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আবু সালেহ মো. মুসার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
এর আগে দুই আসামির বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পৃথক দুটি আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন।
আবেদনে বলা হয়, আসামিরা সরকারি চাকরি পাওয়ার অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারপূর্বক প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জাল সনদ তৈরি করেন। ওই জাল সনদকে প্রকৃত ও বৈধ হিসেবে ব্যবহার করে নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে প্রমাণের অপচেষ্টা চালান এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) বিভ্রান্ত করে ভুল সিদ্ধান্ত নিতে প্ররোচিত করেন। এর ফলেই সঞ্জয় দাস ৩৮তম বিসিএসে প্রশাসন ক্যাডারে এবং আবু সালেহ মো. মুসা পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন।
পরবর্তীতে চাকরিতে যোগদান করে বেতন-ভাতাসহ বিভিন্ন সুবিধা তুলে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন মর্মে প্রতীয়মান হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলাটির তদন্ত চলছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, আসামিরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন। শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করে এই আদেশ দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


