সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস মো. রাশেদুল কাওসার ভূঁইয়া জীবনের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
রোববার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন।
এর আগে তার ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আবেদনে বলা হয়েছে, আসামি মো. রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন সাবেক আইনমন্ত্রীর এপিএস এবং উপজেলা চেয়ারম্যান হিসেবে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে ২ কোটি ৩০ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জন করে তা ভোগদখলে রাখার অপরাধে দায়ের করা মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তকালে আসামির ব্যাংক হিসাবসমূহে সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
সূত্রে জানা যায়, আসামি তার ঘনিষ্ঠজনের মাধ্যমে ব্যাংক হিসাবে রক্ষিত অস্থাবর সম্পদ হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। তদন্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার পূর্বে অস্থাবর সম্পদ হস্তান্তর, রূপান্তর বা স্থানান্তর হয়ে গেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হবে। তাই অবিলম্বে ব্যাংক হিসাবে রক্ষিত অস্থাবর সম্পদসমূহ অবরুদ্ধ করা প্রয়োজন। শুনানি শেষে অবরুদ্ধ করার ওই আদেশ দেন আদালত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


