একজন কর্মকর্তা, যার দায়িত্ব ছিল দেশের মানুষের জানমাল এবং সার্বভৌমত্ব রক্ষা করা। কিন্তু সেই ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তৎকালীন সরকার এমনভাবে দূষিত করেছে যে, তারা মনস্টারে (ভয়ংকর দানবে) পরিণত হয়েছে। তৎকালীন সরকারপ্রধানের (শেখ হাসিনা) প্রশ্রয়ে শত শত মানুষকে হত্যা করেছেন জিয়াউল আহসান। দিনের পর দিন, বছরের পর বছর তিনি হত্যাকাণ্ড চালিয়ে গেছেন। রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যা হয়েছে, তার চেয়ে দেশে কম কী হয়েছে?
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম যুক্তিতর্কে এসব কথা বলেন।
আওয়ামী লীগের দেড় দশকের দুঃশাসনের সময় শতাধিক মানুষকে গুম, নির্যাতন ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করেন তিনি।
এদিন জিয়াউলের বিরুদ্ধে চিফ প্রসিকিউটরের যুক্তিতর্ক বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল ও মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। জিয়াউল আহসান ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন।
যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, যদি জুলাই গণঅভ্যুত্থান না হতো, তাহলে এই ঘটনা কোনো দিন আলোর মুখ দেখত না। হয়তো এই অপরাধীরা কোনো দিন বিচারের সম্মুখীন হতো না। এই অপরাধমূলক কর্মকাণ্ড হয়তো কোনো দিন বন্ধ হতো না। ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত আর কোনো ক্রসফায়ার হয়নি, এখন পর্যন্ত আর কোনো অপহরণ হয়নি, এখন পর্যন্ত আর কোনো বলপূর্বক গুম হয়নি, বলেশ্বর নদে শহীদ হতে হয়নি। এখন পর্যন্ত আর কাউকে টিএফআই অথবা জেআইসি সেলে বন্দী থাকতে হয়নি। একটা শাসক যখন এভাবে বছরের পর বছর হত্যাকাণ্ড চালিয়ে অত্যাচারী হয়ে ওঠে, তখন অভ্যুত্থান অত্যাবশ্যক হয়ে ওঠে। এ কারণে জুলাই আন্দোলনের যৌক্তিকতা, তার যে প্রেক্ষাপট। জুলাই যোদ্ধাদের কারণে আজ এই ‘মনস্টার’গুলোকে বিচারের সম্মুখীন করা গেছে। তাই জুলাই যোদ্ধাদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা জানাচ্ছি।
চিফ প্রসিকিউটর বলেন, এই মামলায় আমরা জিয়াউলের বিরুদ্ধে তিনটি অভিযোগ এনেছিলাম। অপরাধ প্রমাণে আমার যাবতীয় নথিপত্র দাখিল করেছি এবং সাক্ষীদের জবানবন্দি উপস্থাপন করেছি। এরপর চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালে জিয়াউলের একসময়ের দেহরক্ষীর দায়িত্বে থাকা সেনাসদস্য ইমরুল কায়েসের সাক্ষ্য তুলে ধরেন। এতে বিএনপির কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলী গুমে জিয়াউলের সম্পৃক্ততার কথা উঠে আসে।
চিফ প্রসিকিউটর বলেন, সাক্ষী ইমরুলের জবানবন্দিতে উঠে আসে—২০১২ সালের ১৩ এপ্রিল র্যাব সদর দপ্তর থেকে একটি মাইক্রোবাসে করে জিয়াউল আহসান, মেজর নওশাদ, স্কোয়াড্রন লিডার সাইফসহ ইমরুল মহাখালী ফ্লাইওভারের কাছে যান। এ সময় কাকে পিকআপ করা (তুলে নেওয়া) হবে, তা তিনি জানতেন না। জিয়াউল গাড়িতে বসে টার্গেট কখন আসবে, তা জানার জন্য ফোন করছিলেন। একপর্যায়ে জানা যায়, টার্গেট আসবে না। পরে সেখান থেকে ফিরে এসে ৯ দিনের ছুটিতে যান ইমরুল। ছুটিতে থাকা অবস্থায় মিডিয়ার মাধ্যমে জানতে পারেন, মহাখালী ফ্লাইওভার থেকে ইলিয়াস আলী নামে এক বিএনপি নেতাকে অপহরণ করা হয়েছে । ৯ দিন ছুটিতে থাকার পর ২০১২ সালের ২৩ এপ্রিল তিনি র্যাব সদর দপ্তরে কর্মস্থলে যোগ দেন। তখন তিনি সদর দপ্তরে থমথমে পরিবেশ দেখতে পান। অন্যান্য সদস্যের মাধ্যমে জানতে পারেন, অস্ত্রের ইন-আউট রেজিস্টার ও সিসিটিভি ফুটেজ জিয়াউল নষ্ট করে ফেলেছেন।
ইমরুল জানান, একদিন জিয়াউল ফোনে তারেক আহমেদ সিদ্দিককে বলেন, ‘স্যার, আপনাদের কথামতো ইলিয়াসকে গলফ করলাম, এখন আপনারা এমন করলে হবে? এর চেয়ে আমি কমান্ডো মানুষ, আমাকে জঙ্গলে পোস্টিং দিয়ে পাঠিয়ে দেন, এটাই আমার ভালো।’
১৫ মাসে ১৫০ থেকে ২০০ জনকে হত্যা
আমিনুল বলেন, ইমরুলের জবানবন্দিতে উঠে আসে—দেহরক্ষী থাকার সময় ইমরুলের কাজ ছিল সব সময় জিয়াউল আহসানের সঙ্গে থাকা। তার সঙ্গে ইমরুল জাফলং বর্ডার, ডিজিএফআই অফিস, আর্মি সদর দপ্তর, ডিবিপ্রধানের কার্যালয় (তখন ডিবির প্রধান ছিলেন মনিরুল ইসলাম)—এসব স্থানে যেতেন। মাঝেমধ্যে সচিবালয়ে যেতেন। এ ছাড়া মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের (তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা) বাসায় যেতেন। প্রধানমন্ত্রীর (তৎকালীন) সঙ্গেও তার ভালো সম্পর্ক ছিল। জিয়াউল যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতেন, তখন তার গাড়িতে অস্ত্র-গুলি থাকত। কিন্তু তা তল্লাশি করা হতো না। এ ছাড়া আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ, আমির হোসেন আমু ও জাহাঙ্গীর কবির নানকের সঙ্গেও জিয়াউল আহসানের ভালো সম্পর্ক ছিল। রানার হিসেবে তার সঙ্গে থেকে দেখেছেন, ওই সময়কালে ১৫০ থেকে ২০০ জনকে বিভিন্ন পন্থায় হত্যা করেছেন জিয়াউল।
উত্তরায় চারজনকে ক্রসফায়ারে হত্যা
চিফ প্রসিকিউটর বলেন, সাক্ষী ইমরুলের জবানবন্দিতে উঠে আসে—জিয়াউলের দেহরক্ষী ইমরুল ২০১১ সালের রমজান মাসের শেষ দিকে ডিউটিতে ছিলেন। একদিন ইফতারের ঠিক আগে জিয়াউল স্যার তাঁকে ফোন দিয়ে উত্তরায় নর্থ টাওয়ারে ক্যামেরা নিয়ে যেতে বলেন। সেখানে গিয়ে তিনি তাকে দেখতে পাননি। এরপর আরেকটু সামনে যেতে বলেন। সেখানে গিয়ে দেখেন, চারজনকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। জিয়াউল বলেন, তারা নাকি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। ইমরুল জানান, তার কাছে ওই অপারেশন সাজানো মনে হয়েছিল।
১১ জনকে বুড়িগঙ্গায় ডুবিয়ে দেওয়া হয়
চিফ প্রসিকিউটর বলেন, ইমরুল জবানবন্দিতে বলেছেন, ২০১২ সালের প্রথম দিকে জিয়াউল আহসানের নেতৃত্বে তিনটি মাইক্রোবাসে করে ১১ আসামিকে নিয়ে পোস্তগোলা আর্মি ক্যাম্পে নেওয়া হয়। সেখানে ওই ১১ জনকে বোটে ওঠানো হয়। তখন হঠাৎ একজন পানিতে ঝাঁপ দেন। জিয়াউল তাকে বলেন, ওকে ধরো। ইমরুল পানিতে ঝাঁপ দিয়ে তাকে ধরেন। বোটটি নদীর মাঝখানে নিয়ে আগের মতো সিমেন্টের বস্তা বেঁধে মাথায় গুলি করে ওই ১১ জনকে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়। ওই অপারেশনে জিয়াউল, মেজর নওশাদ স্যার, স্কোয়াড্রন লিডার সাইফ স্যার, কমান্ডার সোহায়েল স্যার ও এডিজি (অপস) মুজিব স্যার ছিলেন।
টিএফআই সেল থেকে দুই বন্দীকে ভারতে পাচার
চিফ প্রসিকিউটর বলেন, সাক্ষী ইমরুলের জবানবন্দিতে উঠে আসে—২০১২ সালের মাঝামাঝি র্যাব-১-এর টিএফআই সেল থেকে দুই ব্যক্তিকে নিয়ে জিয়াউলের নেতৃত্বে জাফলং বর্ডারে যাওয়া হয়। দুজনেরই হাত বাঁধা এবং মাথায় জমটুপি পরানো ছিল। আনুমানিক রাত ২টা থেকে আড়াইটার দিকে ভারত থেকে সিভিল পোশাকে চার-পাঁচজন এসে দুজন বন্দীকে জিয়াউলের কাছে হস্তান্তর করেন। জিয়াউল দুজনকে তাদের কাছে হস্তান্তর করেন। ভারত থেকে পাওয়া দুজনকে নিয়ে জিয়া স্যারের নেতৃত্বে ঢাকার উদ্দেশে রওনা করা হয়। জাফলং বর্ডার থেকে আনুমানিক ২৫-৩০ কিলোমিটার আসার পর গাড়ি থেকে দুজনের একজনকে নামানো হয় এবং জিয়াউল স্যার তাঁকে গুলি করে রাস্তার পাশে ফেলে দেন। অন্যজনকে নিয়ে রওনা করে ১০-১৫ কিলোমিটার যাওয়ার পর একইভাবে তাকেও জিয়াউল স্যার গুলি করে হত্যা করেন।
মাথায় গুলি করলে চুলে আগুন ধরে যায়
চিফ প্রসিকিউটর বলেন, সাক্ষী ইমরুলের জবানবন্দিতে উঠে আসে—একবার র্যাব-৪-এর সেফ হাউস থেকে দুজনকে দুটি মাইক্রোবাসে তুলে আনুমানিক আধা ঘণ্টা চলার পর তিন মাথার মোড় নামক এক জায়গায় গাড়ি দুটি থামানো হয়। গাড়ি থেকে একজনকে নামানো হয়। জিয়াউল ওই লোককে নিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করেন। ওই লোকের মাথায় অনেক চুল থাকায় মাথায় আগুন ধরে গিয়েছিল। তা দেখে উপস্থিত সবাই হাসাহাসি করছিলেন। জিয়াউল তখন অপর লোককে নিয়ে চলে যান। ইমরুল জানান, কিছু কিছু অপারেশন স্যার আমার অগোচরে করতেন। যেটাতে তিনি প্রয়োজন মনে করতেন, সেটাতে আমাকে নিয়ে যেতেন।
হত্যা করে পেট ফেড়ে বলেশ্বর নদীতে ফেলে দেওয়া হতো
চিফ প্রসিকিউটর বলেন, সাক্ষী ইমরুলের জবানবন্দিতে উঠে আসে—বেশ কয়েকবার তিনি জিয়াউলের সঙ্গে বরিশালে গিয়েছিলেন। তখন র্যাব-৮-এর সহযোগিতায় পাথরঘাটার চরদুয়ানি বাজার থেকে বলেশ্বর নদীর ভেতরে সাগরের মোহনায় গিয়ে কখনো দুজন, কখনো তিনজন আবার কখনো চারজনকে সিমেন্টের বস্তা বেঁধে গুলি করে হত্যা করে লাশ পানিতে ফেলে দিয়েছেন জিয়াউল। বস্তা বেঁধে লাশ পানিতে ফেলার আগে ওই লাশগুলোর পেট কমান্ডো নাইফ দিয়ে চিরে ফেলা হতো।
জিয়াউল আহসানের ২২ হত্যার বর্ণনা
এরপর চিফ প্রসিকিউটর আমিনুল মেজর সাব্বির রহমানের জবানবন্দি তুলে ধরেন। সাব্বির জানান, র্যাবে চাকরিকালে ২০১০ সালের জানুয়ারি থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত দুই বছরের অধিক সময়ে র্যাবের তৎকালীন গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসানের নেতৃত্বে বেশ কয়েকটি অভিযানে অংশ নেন। ওই সময় সব মিলিয়ে জিয়াউল ২২ জনকে হত্যা করেন।
চিফ প্রসিকিউটর বলেন, সাক্ষী সাব্বিরের জবানবন্দিতে উঠে আসে—২০১০ সালের জানুয়ারিতে একদিন রাতে জিয়া মাইক্রোবাস নিয়ে র্যাব-৮ ব্যাটালিয়ন সদরে উপস্থিত হন। পরে তাঁকে সঙ্গে নিয়ে অভিযানে বের হন। জিয়ার গাড়ি চলতে শুরু করলে ঢাকা র্যাবের (ইন্ট উইং) থেকে আসা মাইক্রোবাসটিও অনুসরণ করতে থাকে। একসময় তাঁরা পাথরঘাটার চরদুয়ানি ঘাটে গিয়ে পৌঁছান। সেখানে আগে থেকেই র্যাবের ইন্ট উইংয়ের র্যাব-৮-এ সংযুক্ত র্যাব সদস্যরা একটি ট্রলার প্রস্তুত করে রেখেছিলেন। প্রথমে মাইক্রোবাসে করে ঢাকা থেকে আসা ইন্ট উইংয়ের সদস্যরা নেমে ট্রলারে উঠতে থাকেন। তখন একজন হাত বাঁধা এবং মাথায় কালো টুপি পরা ব্যক্তিকেও ট্রলারে উঠতে দেখেন। তাকে ট্রলারের মাছ সংরক্ষণের খোলের মধ্যে ঢুকিয়ে রাখা হয়। আনুমানিক তিন ঘণ্টা ট্রলার চালানোর পর জিয়া স্যার লোকটিকে বের করে আনতে বলেন। তাঁকে বোটের বাইরে আনার পর ইন্টেলিজেন্স উইংয়ের চারজন সদস্য তাঁকে ঘিরে ফেলেন। প্রথম সদস্য হাত বাঁধা ব্যক্তির গলা এবং পা বরাবর দুটি সিমেন্টভর্তি বস্তা বেঁধে ফেলেন। দ্বিতীয় র্যাব সদস্য মাথা এবং কান বরাবর একটি ছোট বালিশ ঠেকিয়ে পিস্তল দিয়ে এক রাউন্ড গুলি করেন। তৃতীয় র্যাব সদস্য ব্যক্তির পেট কেটে ফেলেন। চতুর্থ র্যাব সদস্য গুলিবিদ্ধ ব্যক্তির কাটা পেটের মধ্যে হাত ঢুকিয়ে পেট কাটার সঠিকতা নিশ্চিত করেন। এরপর জিয়া স্যারের নির্দেশে পানিতে ফেলে দেওয়া হয়। পরে জিয়া স্যার তাকে বলেন, দুশ্চিন্তা করার কিছু নেই, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় এ বিষয়ে জানেন।
বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শী নজরুলসহ চারজনকে হত্যা
চিফ প্রসিকিউটর বলেন, সাক্ষী সাব্বিরের জবানবন্দিতে উঠে আসে—২০১০ সালের একদিন সন্ধ্যায় তাকে জানানো হয়, জিয়া স্যার ঢাকা থেকে বরিশালে আসছেন। এর কিছুক্ষণের মধ্যেই জিয়া স্যার তার সরকারি গাড়ি ও দুটি মাইক্রোবাস নিয়ে ব্যাটালিয়ন সদরে উপস্থিত হন। আনুমানিক ৩০ মিনিট পর অভিযানে বের হন। ঢাকা থেকে আসা ইন্ট উইংয়ের মাইক্রোবাস দুটিও ছিল। আনুমানিক দুই ঘণ্টা চলার পর চরদুয়ানি ঘাটে পৌঁছান। এখানেও আগের মতো মাইক্রোবাস থেকে চারজন ব্যক্তিকে মাথায় কালো টুপি পরা এবং হাত পেছনে বাঁধা অবস্থায় ট্রলারে উঠতে দেখেন। দেড় ঘণ্টা চলার পর এক ব্যক্তির মাথায় বালিশ ঠেকিয়ে পিস্তল দিয়ে এক রাউন্ড গুলি করে পেট কেটে সিমেন্টের বস্তা বেঁধে ফেলে দেওয়া হয়। এভাবে একে একে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ব্যক্তিকে হত্যা করে ফেলে দেওয়া হয়। ঘটনার দুই থেকে তিন দিনের মধ্যে হঠাৎ গোয়েন্দা সূত্রে জানতে পারেন, শরণখোলা রেঞ্জের বলেশ্বর নদীতে মুখ ঢাকা, পেট কাটা এবং শরীরে সিমেন্টের বস্তা বাঁধা অবস্থায় একটি লাশ ভেসে উঠেছে। পরে বিডিআর গোয়েন্দা সদস্যদের মাধ্যমে লাশটির ডিএনএ পরীক্ষার পর জানা যায়, লাশটি বিডিআরের প্রাক্তন সদস্য নজরুল ইসলামের।
আলকাছ মাঝি হত্যা
চিফ প্রসিকিউটর বলেন, সাক্ষী সাব্বিরের জবানবন্দিতে উঠে আসে—২০১১ সালের জুন মাসে একদিন জিয়া তাকে ফোন করেন। তিনি গলফ (হত্যা) কাজে নিয়োগপ্রাপ্ত মাঝিদের মধ্যে অন্যতম আলকাছ মাঝির ব্যাপারে জানতে চান। তিনি তাঁর ব্যাপারে কিছু জানেন না বলে জানান। এরপর জিয়া বলেন, আলকাছ মাঝি গলফ অপারেশনের বিভিন্ন তথ্য চরদুয়ানি বাজারে বলে বেড়াচ্ছেন, যা র্যাবের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। তখন জিয়া স্যার সাব্বিরকে আলকাছ মাঝিকে এলিমিনেট (হত্যা) করার নির্দেশ দেন। বিষয়টি শোনার পর সাব্বির শারীরিক অসুস্থতার কথা বলে দায়িত্ব পালনে অব্যাহতি চেয়ে কাকুতি-মিনতি করতে থাকেন। তখন জিয়া স্যার বলেন, থাক, লাগবে না। এর কয়েক দিন পর আলকাছ মাঝির পরিবারের পক্ষ থেকে বলা হয়, জিয়া স্যারের কথা বলে ফোনে আলকাছ মাঝিকে দেখা করার কথা বলা হয়। পরে দেখা করতে গেলে আর কখনো আলকাছ মাঝির খোঁজ পাওয়া যায়নি।
সুন্দরবনের নিশানখালীতে ছয়জনকে হত্যা
চিফ প্রসিকিউটর বলেন, সাক্ষী সাব্বিরের জবানবন্দিতে উঠে আসে—জিয়ার পরিকল্পনায় এবং নির্দেশনায় সুন্দরবনকেন্দ্রিক তিনটি তথাকথিত এনকাউন্টার অভিযান পরিচালনা করা হয়। আনুমানিক ২০১১ সালের নভেম্বরে পশ্চিম সুন্দরবনের নিশানখালী খালসংলগ্ন বনে তৎকালীন সুন্দরবনের সবচেয়ে বড় বনদস্যু বাহিনী রাজুর গোপন আস্তানায় তথাকথিত একটি এনকাউন্টার অভিযান পরিচালনা করা হয়েছিল। নিশানখালী অভিযানের আগের দিন রাতে ইন্টেলিজেন্স উইংয়ের একদল সদস্য সেখানে চলে যান। মূল অভিযান পরিচালনার দিন ভোরে অভিযানে অংশ নেওয়া দল পৌঁছালে এলাকাটি ঘিরে ফেলার প্রস্তুতিকালে হঠাৎ বনের ভেতর থেকে হুইসেলের শব্দ পাওয়া যায়। হুইসেলটি ছিল অগ্রগামী ইন্টেলিজেন্স উইংয়ের সদস্যদের সংকেত। সংকেত শোনামাত্রই জিয়া স্যার মূল অভিযানে অংশ নেওয়া দলকে ঘিরে থাকা বন লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেন। বেশ কিছুক্ষণ বন লক্ষ্য করে গুলি চালানোর পর তা থামানো হয়। উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ এবং দুটি লাশ উদ্ধারের কথা দেখানো হয়। পরবর্তীকালে মামলার প্রক্রিয়াকালে ব্যাটালিয়ন সদরকে জানানো হয়, ঘটনাস্থলে ছয়টি লাশ উদ্ধার করা হয়। একই বছরের ফেব্রুয়ারি মাসে সুন্দরবনের কটকায় আরেকটি অভিযানে পাঁচজনকে এবং মরাভোয়লায় আরও পাঁচজনকে হত্যা করা হয়।
এ ছাড়া সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দির অংশ তুলে ধরেন চিফ প্রসিকিউটর। ইকবাল করিম জবানবন্দিতে জানান, জিয়াউল তার কমান্ড মানতেন না। নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের প্রশ্রয়ে বেপরোয়া হয়ে ওঠেন জিয়াউল। জিয়াউলের বেপরোয়া কর্মকাণ্ডের কারণে তিনি একবার নিষেধাজ্ঞা দিলেও পরে তুলে নিতে বাধ্য হন। জিয়াউলকে নিয়ন্ত্রণের জন্য দুজন কর্মকর্তাকে দায়িত্ব দেন। তারা এসে তাকে জানান, জিয়াউলের মাথায় পাথর দিয়ে ঠাসা, তাকে নিয়ন্ত্রণের উপায় নেই। জবানবন্দিতে তিনি আরও উল্লেখ করেন, তিনি পেশাদার সেনা কর্মকর্তা র্যাবে পাঠালে তাঁরা পেশাদার খুনি হয়ে ফিরে আসতেন।
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যা হয়েছে, তার চেয়ে দেশে কম কী হয়েছে
চিফ প্রসিকিউটর বলেন, র্যাবে দায়িত্ব পালনের সময় জিয়াউল আহসান শত শত মানুষকে হত্যা করেছেন। গুলি করে পেট কেটে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ডুবিয়ে দিতেন। র্যাবকে তৎকালীন সরকার দূষিত করে ফেলেছিল। তৎকালীন সরকারের প্রশ্রয়ে তারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যা হয়েছে, তার চেয়ে আমাদের দেশে কম কী হয়েছে?
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


