কক্সবাজারের ঈদগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার তিনি যাত্রী নিহত হয়েছেন এবং অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কের ঈদগাঁও থানার সামনের এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী। ঈদগাঁও থানার এসআই আজিমুল হক জানান, নিহত দুই পুরুষের মধ্যে একজনের নাম সাহাব উদ্দিন, তাঁর বাড়ি চকরিয়া উপজেলার খুটাখালী এবং অপরজন পার্বত্য লামা উপজেলার সাইফুল ইসলাম বলে প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। তবে নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী হানিফ পরিবহনের সঙ্গে চকরিয়াগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিন সিএনজি যাত্রী গাড়ির নিচে চাপা পড়ে নিহত হন এবং আহত অপর সিএনজি যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রতিবেদন লেখা পর্যন্ত ঈদগাঁও পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ায় তা স্বাভাবিক করার উদ্যোগ নিচ্ছে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম রিফাতুল মাজদার তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে করেছেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

