আত্মপক্ষ শুনানি ২৪ সেপ্টেম্বর

দুর্নীতি মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

দুর্নীতি মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দুদকের করা মামলায় প্রশ্নপত্র ফাঁসকান্ডে জড়িত সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর ছেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

বিজ্ঞাপন

রোববার শেষ সাক্ষী হিসেবে মামলার বাদী দুদকের উপ-সহকারী পরিচালক জাকির হোসেনের জবানবন্দি গ্রহণ করেন ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি.এম. তারিকুল কবীরের আদালত।

এরপর সিয়ামের পক্ষে তার আইনজীবী রেজাউল করিম শেষ সাক্ষীকে জেরা করেন। আগামী ২৪ সেপ্টেম্বর আসামি সিয়ামের আত্মপক্ষ শুনানির দিন ধার্য করেন বিচারক। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন সিয়ামের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট রেজাউল করিম। দুদকের পক্ষে প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী জামিনের বিরোধিতা করেন। শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। মামলাটিতে রাষ্ট্রপক্ষে ১১ সাক্ষীর সবাই সাক্ষ্য দেন। এর আগে গত ১৭ জুন এ মামলায় সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় একই আদালত।

সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন জাকির হোসেন। তদন্তে সিয়ামের বিরুদ্ধে জ্ঞাত আয় উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পায় দুদক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন