মির্জা আব্বাসের প্লট বরাদ্দে অনিয়মের মামলা বাতিল

মির্জা আব্বাসের প্লট বরাদ্দে অনিয়মের মামলা বাতিল

সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল করেছে আপিল বিভাগ। এ মামলায় মির্জা আব্বাসের আপিল মঞ্জুর করে হাইকোর্টের রায় বাতিল করে বুধবার রায় দেয় বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ।

আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তাদের সহযোগিতা করেন অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস।

বিজ্ঞাপন

মামলার অভিযোগে বলা হয়েছিল, ২০০৬ সালে তৎকালীন গৃহায়ন প্রতিমন্ত্রী আলমগীর কবিরের হস্তক্ষেপে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেড নামে একটি সংগঠনকে নিয়ম বহির্ভূতভাবে রাজধানীর মিরপুর-৮ নম্বরে সাত একরের একটি প্লট বরাদ্দ দেওয়া হয়।

সাংবাদিকদের ওই প্লট বরাদ্দে ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৪ সালে শাহবাগ থানায় একটি মামলা করে দুদক। পরে দুদকের উপপরিচালক হামিদুল হাসান তদন্ত শেষ করে মির্জা আব্বাসসহ পাঁচজনের বিরুদ্ধে ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

২০১৬ সালের ৮ ডিসেম্বর মামলাটি বাতিলের জন্য মির্জা আব্বাস ফৌজদারি রিভিশন মামলা দায়ের করলে একই বছরের ১৪ ডিসেম্বর মামলাটি কেন বাতিল করা হবে না, সেই মর্মে রুল ও তিন মাসের স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। ২০১৯ সালের ১৩ মে দুর্নীতির মামলা বাতিলে জারি করা রুল খারিজ করে রায় দেয় হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন মির্জা আব্বাস। ওই আবেদন বুধবার মঞ্জুর করে হাইকোর্টের রায় বাতিল করে দেয় সর্বোচ্চ আদালত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...