পারভেজ হত্যা: মাহাথিরের দায় স্বীকার

পারভেজ হত্যা: মাহাথিরের দায় স্বীকার

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মাহাথির হাসান ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত তার এ জবানবন্দি রেকর্ড করেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

এদিন মামলার তিন নম্বর আসামি মাহাথিরকে আদালতে হাজির করা হয়। এসময় স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে সম্মত হন তিনি। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক একেএম মঈন উদ্দিন আদালতে তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে তার জবানবন্দি রেকর্ড করেন আদালত।

এর আগে বুধবার সকালে চট্টগ্রামের হালিশহরের একটি বাসা থেকে মাহাথিরকে গ্রেফতার করে পুলিশ।

গত ২১ এপ্রিল এ মামলায় গ্রেফতার আল কামাল শেখ, আলভী হোসান জুনায়েদ ও আল আমিন সানির সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তাদের মধ্যে কামাল গতকাল বুধবার আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন। একই দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনানী থানা কমিটির যুগ্ম সদস্য সচিব মো. হৃদয় মিয়াজীর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে জুনায়েদ, সানি ও হৃদয় রিমান্ডে রয়েছেন।

মামলা অভিযোগ করা হয়, ১৯ এপ্রিল ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে জাহিদুল ইসলাম পারভেজের সঙ্গে তর্কবিতর্ক হয় তারই বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর। একপর্যায়ে দুই পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২২৩ ব্যাচের শিক্ষার্থী জাহিদুলকে একদল যুবক ছুরিকাঘাতে হত্যা করে।

এ ঘটনায় রোববার ভোরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতসহ ৮ জনের নাম উল্লেখ করে বনানী থানায় মামলা করেন পারভেজের ভাই হুমায়ুন কবির। এতে বিশ্ববিদ্যালয়টির এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারী ছাড়াও অজ্ঞাত আরও ১০/১৫ জনকে আসামি করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন