বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪ ধারায় গ্রেপ্তার ভারতীয় নাগরিক রবিউল ইসলামের আবারও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ এ তথ্য জানান। এর আগে গত ২৩ সেপ্টেম্বর তাকে চার দিনের রিমান্ডে পাঠানো হয়।
এদিন রিমান্ড শেষে তাকে আদালতে আনা হয়। সুষ্ঠু তদন্তের স্বার্থে ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগের অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার টিমের পরিদর্শক মেজবাহ উদ্দিন আবারও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসামিকে উত্তরা পশ্চিম থানাধীন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। তিনি একজন ভারতীয় নাগরিক এবং ১৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে অবস্থান করছেন। তার গতিবিধি সন্দেহজনক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পাসপোর্ট প্রদর্শন করেন। নিজেকে ভারতীয় নাগরিক বলে জানালেও পরবর্তীতে তার কাছে থাকা ভারতীয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং এনআইডি যাচাই করে দেখা যায় যে, ড্রাইভিং লাইসেন্স ও এনআইডির জন্মতারিখের সঙ্গে পাসপোর্টের জন্মতারিখের কোনো মিল নেই।
আবেদনে আরও বলা হয়, তিনি ইতোপূর্বে অনেকবার বাংলাদেশ ভ্রমণ করলেও বাংলাদেশে আসা-যাওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ উপস্থাপন করতে পারেননি। তিনি একেক সময় একেক তথ্যসহ এলোমেলো তথ্য প্রদান করেন। ধারণা করা হচ্ছে যে, আসামি বাংলাদেশে কোনো ধ্বংসাত্মক অপরাধের সঙ্গে জড়িত আছেন। সাম্প্রতিক সময়ে ঢাকা শহরসহ সারা দেশে নাশকতামূলক কার্যক্রমে তার সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তাকে আপাতত ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারামতে গ্রেপ্তার করা হয়। গত ২৩ সেপ্টেম্বর তাকে পুলিশ হেফাজতে এনে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ডে থাকা অবস্থায় জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আবারও সাত দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন। পরে শুনানি শেষে রিমান্ডে নেওয়ার ওই আদেশ দেন বিচারক।
গত বুধবার (২৩ সেপ্টেম্বর) গ্রেপ্তারের পর একই আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম গত ১৪ সেপ্টেম্বর ভারত থেকে বাংলাদেশে আসেন। এরপর তার গতিবিধি সন্দেহজনক ছিল। নিজেকে ভারতীয় নাগরিক দাবি করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পাসপোর্ট দেখালেও পরবর্তীতে তার কাছে থাকা ভারতীয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও ভারতীয় নাগরিক কার্ড পরীক্ষা করা হয়। এতে ড্রাইভিং লাইসেন্স ও ভারতীয় নাগরিক কার্ডে থাকা জন্মতারিখের সঙ্গে পাসপোর্টের জন্মতারিখের কোনো মিল পাওয়া যায়নি বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।
রবিউল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার মাটিয়া থানার গৌড়ি ভোজ গ্রামের বাসিন্দা শহীদুল ইসলামের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের ৬০ নম্বর বাসার নিচতলা থেকে তাকে আটক করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


