আসামিকে কারাগারে রেখেই ভার্চুয়ালি হবে মামলার শুনানি: সিএমএম আদালত

আসামিকে কারাগারে রেখেই ভার্চুয়ালি হবে মামলার শুনানি: সিএমএম আদালত

জঙ্গী, ভয়ংকর সন্ত্রাসী এবং আওয়ামী লীগের রাজনৈতিক বন্দীদের বিভিন্ন মামলায় আসামিদের নিরাপত্তার স্বার্থে কারাগারে রেখেই মামলার ভার্চুয়ালী শুনানি করার আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমানের আদালত এ আদেশ দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এখন থেকে আর জঙ্গি, শীর্ষ সন্ত্রাসীসহ সকল ঝুঁকিপূর্ণ আসামিদের সশরীরে আদালতে আনতে হবে না। তাদের কারাগারে রেখেই ডিজিটাল পদ্ধতিতে ভার্চুয়ালি যুক্ত করে মামলার শুনানি হবে।

এতে করে সরকারের সময় ও অর্থ দু'টোই বাঁচবে। পাশাপাশি ঝুঁকিও কমবে। অতি শিগগিরই এই পদ্ধতিতে বিচারিক কার্যক্রম চালু হবে বলেও জানান এই পাবলিক প্রসিকিউটর।

বিচারকের স্বাক্ষরিত আদেশে বলা হয়, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসীর বিভিন্ন আদালত সমূহে অনেক চাঞ্চল্যকর মামলাসহ জনগুরুত্বপূর্ণ অনেক মামলা বিচারাধীন। বর্তমানে বিভিন্ন মামলায় প্রতিদিন কাশিমপুর হাইসিকিউরিটি জেলখানা ও কোরানীগঞ্জ কেন্দ্রীয় জেলখানা থেকে প্রচুর সংখ্যক আসামিকে প্রিজনভ্যানে আদালতে আনা নেওয়া করা হয়। এসব আসামিদের মধ্যে জঙ্গীসহ ভয়ংকর সন্ত্রাসী এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের অভিযোগে ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত অনেক আসামি রয়েছে। এসব আসামিদের আদালতে আনা নেওয়ার ক্ষেত্রে প্রায়শই নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়। এছাড়া আসামিদের অনেকের প্রতি জনগণের প্রচন্ড ক্ষোভ থাকায় আদালত প্রাঙ্গণে হাজির হয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘাটানোর চেষ্টা করে।

এ ধরনের পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হয়। এই পরিস্থিতির অবসানের লক্ষ্যে উচ্চ আদালতের নির্দেশনা মেনে অডিও, ভিডিও বা অন্য কোন ইলেক্ট্রনিক্স ডিভাইসের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ, মামলার শুনানী আদেশ দিয়েছেন আদালত। উচ্চ আদালতের আদেশ মতে বিচারকাজকে এগিয়ে নিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসীর ২৮ নম্বর কোর্টের এজলাস কক্ষটি ডিজিটাল কোর্ট রুম হিসেবে প্রস্তুত করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন