তোফাজ্জল হত্যা মামলা পুনঃতদন্তের নির্দেশ আদালতের

তোফাজ্জল হত্যা মামলা পুনঃতদন্তের নির্দেশ আদালতের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা পুনঃতদন্তের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ৪ মে মামলার প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য করেন আদালত।

এর আগে গত ২ ফেব্রুয়ারি মামলার বাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ পুলিশের দেওয়া চার্জশিটে নারাজি দাখিল করেন।

গত বছর ১৮ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন ১৯ সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ। গত বছরের ৩০ ডিসেম্বর ২১ শিক্ষার্থীকে অভিযুক্ত করে চার্জশিট দেয় তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন- ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জালাল মিয়া, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মো. মোত্তাকিন সাকিন, ভূগোল বিভাগের আল হোসেন সাজ্জাদ, ওই হলের আবাসিক শিক্ষার্থী আহসান উল্লাহ, ওয়াজিবুল আলম, ফিরোজ কবির, আব্দুস সামাদ, শাকিব রায়হান, ইয়াসিন আলী, ইয়ামুজ্জামান ইয়াম, ফজলে রাব্বি, শাহরিয়ার কবির শোভন, মেহেদী হাসান ইমরান, রাতুল হাসান, সুলতান মিয়া, নাসির উদ্দিন, মোবাশ্বের বিল্লাহ, শিশির আহমেদ, মহসিন উদ্দিন ও আব্দুল্লাহহিল ক্বাফি। এদের মধ্যে প্রথম ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ১৮ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে ৩২ বছর বয়সী তোফাজ্জল হোসেন পিটিয়ে নির্যাতন করে হত্যা করে কতিপয় শিক্ষার্থী। এ ঘটনার পর দিন শাহবাগ থানায় মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর কয়েকদিন পর ২৫ সেপ্টেম্বর ফজলুল হক মুসলিম হলে প্রভোস্ট অধ্যাপক শাহ মুহাম্মদ মাসুমসহ ১৫ জনের বিরুদ্ধে সিএমএম আদালতে মামলা করেন নিহতের ফুফাতো বোন মোসা. আসমা আক্তার। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে একই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা মামলার সাথে এই মামলা একইসঙ্গে তদন্তের নির্দেশ দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন