বারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু: সেই কিশোরের জামিন শুনানি পেছাল

বারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু: সেই কিশোরের জামিন শুনানি পেছাল

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীমের মৃত্যুর ঘটনায় করা মামলায় অভিযুক্ত কিশোর আজান আলী শরীফের জামিন শুনানির জন্য আগামী ৪ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

বিজ্ঞাপন

রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদিরের আদালতে তার জামিন শুনানির দিন ধার্য জন্য ছিল। এদিন তার পক্ষে অ্যাডভোকেট গোলাম মোস্তফা খানসহ একাধিক আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। পরে অধিকতর শুনানির জন্য নতুন ওই দিন ধার্য করেন আদালত।

এর আগে গত বৃহস্পতিবার একই আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।

ওইদিন জামিন আবেদনে বলা হয়, এই কিশোর গাড়িতে ড্রাইভারের পাশের আসনে বসা ছিল। নিহত মেহেদী একজন শ্রবণ ও বাক-প্রতিবন্ধী ছিলেন। তাকে হর্ন বাজানো সত্ত্বেও দ্রুত সরে যেতে না পারায় দুর্ঘটনাটি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যায়। জামিন আবেদনে আরও বলা হয়, স্থানীয়ভাবে আপস-মীমাংসার মাধ্যমে কিশোরের পরিবারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পক্ষকে নয় লাখ টাকা নগদে ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হয়েছে।

ওইদিন আইনের সংঘাতে জড়িত শিশুকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মো. আরিফীন ইসলাম তাকে আটক রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়, মামলাটি তদন্ত কালে ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ঘটনার পরপরই প্রাইভেটকারের ডান পাশের ড্রাইভিং সিট থেকে তদন্তে প্রাপ্ত আইনের সংঘাতে জড়িত কিশোর আজান আলী শরীফকে দরজা খুলে বের হতে দেখা যায়। তদন্তকালে ঘটনার সঙ্গে আইনের সংঘাতে জড়িত শিশু আজান আলী শরীফের জড়িত থাকার বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া যাচ্ছে। মামলার তদন্ত অব্যাহত আছে। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আইনের সংঘাতে জড়িত শিশুকে আটক রাখার আবেদন করা হয়। এরপর থেকে তিনি আটক আছেন।

এদিকে মেহেদীর মৃত্যুর ঘটনায় তার বড় ভাই মোক্তাদীর ইসলাম বাদী হয়ে গত ২৩ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থানায় সড়ক পরিবহন পরিবহন আইনে মামলা দায়ের করেন। মামলায় গাড়িটির চালক হিসেবে আকাশ মারক (৪৪) নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। সেখানে অভিযোগ করা হয়, আসামি আকাশ মারক বেপরোয়াভাবে প্রাইভেট চালিয়ে তার ভাইকে গাড়িচাপা দেয়। এ ঘটনায় তার মৃত্যু হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন