ব্যাংকের কাস্টমার কেয়ারের লোক পরিচয়ে ওটিপি নিয়ে অবৈধভাবে অর্থ আত্মসাৎ করা চক্রের অন্যতম মূলহোতাকে গ্রেপ্তার করেছে সিআইডি। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম রুহুল আমিন (৪২)। তিনি ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার খালাসী ডাংগি গ্রামের বাসিন্দা। বুধবার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এ তথ্য জানান।
বাদী তার এজাহারে জানান যে, তিনি একজন ব্যবসায়ী এবং ঢাকার একটি বেসরকারি ব্যাংকের মৌচাক শাখায় তার একটি ব্যাংক হিসাব খোলা রয়েছে। গত ২৪ মার্চ বিকালে ঢাকার মগবাজার মোড়ে অবস্থানকালীন সময়ে প্রতারক চক্রের এক অজ্ঞাতনামা সদস্য বাদীর মোবাইলে কল দিয়ে নিজেকে ঐ ব্যাংকের কাস্টমার কেয়ারের লোক পরিচয় দেয় এবং বলে যে, বাদীর ব্যাংক হিসাবে কিছু টাকা ক্রেডিট হবে, তাই বাদীর ব্যাংকে দেওয়া মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে যা তাদেরকে দিতে হবে। বাদী সরল বিশ্বাসে ওটিপি প্রতারক চক্রকে দেয়ার পর বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টে পৃথক পৃথক লেনদেনের সর্বমোট আট লাখ চল্লিশ হাজার টাকা কৌশলে ট্রান্সফার করে নেয়। এ বিষয়ে রমনা মডেল থানায় একটি মামলা করেন।
মামলার তদন্তের দায়িত্ব সিআইডিতে পাঠানো হলে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ ইউনিট তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তদন্তে প্রাপ্ত অভিযুক্ত রুহুল আমিন (৪২)কে সনাক্ত করে ফরিদপুর জেলা পুলিশের সহায়তায় বুধবার ফরিদপুর থেকে গ্রেপ্তার করে সিআইডি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

