ড. ইউনূসের বিরুদ্ধে শক্তি দই মামলা হাইকোর্টে বাতিল

ড. ইউনূসের বিরুদ্ধে শক্তি দই মামলা হাইকোর্টে বাতিল

ড. ইউনুসের মালিকানাধীন গ্রামীণ শক্তি দইয়ে ভেজালের অভিযোগে দায়ের করা মামলা বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

মামলা বাতিলে জারি করা রুল মঞ্জুর করে সোমবার হাইকোর্টের বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ।

আদালতে ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ব্যারিস্টার তানিম হোসেইন শাওন।

উল্লেখ্য, ২০১০ সালে বংশালের একটি দোকান থেকে ১০০ গ্রামের একটি দইয়ের ওজনে শক্তি দইয়ে ভেজালের অভিযোগ আনে ঢাকা সিটি করপোরেশন। যাতে বলা হয়, ১০০ গ্রামের একটি দইয়ের ওজন ৮০ বা ৬০ গ্রাম ছিল। পরে ২০১১ সালের ১০ জানুয়ারি দোকানের মালিক মো. আবুল কাশেম, সরবরাহকারী প্রতিষ্ঠানের মো. তুষার ও গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের চেয়ারম্যান ড. ইউনূসের বিরুদ্ধে ঢাকা সিটি করপোরেশনের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান বাদী হয়ে মামলা করেন।

এ মামলায় ২০১১ সালের ২৭ জানুয়ারি বিচারিক আদালত থেকে জামিন পান ড. মুহাম্মদ ইউনূস। এরপর মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। হাইকোর্টে মামলা বাতিলে রুল জারি করে স্থগিতাদেশ দেন। সেই রুলের শুনানি শেষে আজ সোমবার মামলাটি বাতিল রায় ঘোষণা করেন হাইকোর্ট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন