সাবেক মন্ত্রী-মেয়রসহ রিমান্ডে ৬ জন, গ্রেপ্তার ১০

সাবেক মন্ত্রী-মেয়রসহ রিমান্ডে ৬ জন, গ্রেপ্তার ১০

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার সাবেক মন্ত্রী-এমপি, ব্যবসায়ী-পুলিশ কর্মকর্তাসহ ৬ জনকে নতুন করে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত। একই সাথে রাজধানীর বিভিন্ন থানার হত্যা মামলায় নতুন করে ১০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালত তাদের এ রিমান্ড ও গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এদিন বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে মাদ্রাসা ছাত্র মো. আরিফ হত্যার মামলায় শাজাহান খানকে একদিন এবং আতিকুল ইসলাম ও তানভীর হাসান সৈকতকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

এছাড়াও ভাটারা থানার মনির হত্যা মামলায় আতিকুল ইসলাম, বাড্ডা থানার আরেক হত্যা মামলায় জুলাইদ আহমেদ পলক ও কোতয়ালী থানার মামলায় দিলীপ কুমার আগারওয়ালার দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। অন্যদিকে যাত্রাবাড়ী থানার আরেক হত্যা মামলায় সংশ্লিষ্ট থানার সাবেক ওসি আবুল হাসানের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক।

বুধবার সকাল দশটার দিকে আসামিদের আদালতে আনা হয়। এরপর সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তারা আসামিদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিতে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। এসময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের প্রত্যেকের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

এদিকে যাত্রাবাড়ী, উত্তরা পশ্চিম, কোতোয়ালী, ভাটারা থানার বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনাইদ আহমেদ পলক, এডভোকেট কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার, সাবেক মেয়র আতিকুল ইসলাম, ব্যারিস্টার তুরিন আফরোজ, ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত, সাবেক ওসি আবুল হাসান ও সাবেক এএসপি তানজিল আহম্মেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন