রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন ছিনতাই সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সংশ্লিষ্ট ঘটনাগুলোতে রাজধানীর বিভিন্ন থানায় ২৫টি মামলা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা যায়, নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়। বিভাগভিত্তিক অভিযানে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ৯৯ জন, মতিঝিল বিভাগে ৭৯ জন, তেজগাঁও ও উত্তরা বিভাগে ৬১ জন করে, ওয়ারী বিভাগে ৫০ জন, গুলশান বিভাগে ৪৫ জন, রমনা বিভাগে ৩২ জন, লালবাগ বিভাগে ২৯ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২ কেজি ২৮০ গ্রাম গাঁজা, ১০ হাজার ১২৭ পিস ইয়াবা, ১টি মোটরসাইকেল, ৯টি মোবাইলফোন, ৩টি চাকু ও ১টি কাঁচি জব্দ করা হয়। একই সঙ্গে অভিযানে এক ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণে ডিএমপির এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


