অর্থ পাচারের অভিযোগে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রোববার (৪ অক্টোবর) নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন দুদকের মানিলন্ডারিং বিভাগ-১-এর অনুসন্ধানকারী কর্মকর্তা ও সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী।
দুদকের ওই আবেদনে বলা হয়েছে, নাজমুল আলম দেশত্যাগ করে অন্য কোনো দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বিধিবহির্ভূতভাবে অবৈধ অর্থ উপার্জন করে নিজের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে ওই অর্থ জমা করেন। পরে সেই অর্থ বৈধ করার চেষ্টা করেন বলেও অভিযোগ করা হয়েছে।
আবেদনে আরো বলা হয়, তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার ও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে দুদকে অনুসন্ধান চলছে।
অনুসন্ধানে জানা গেছে, নাজমুল আলম দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ অবস্থায় সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন। এ বিষয়ে আজ শুনানি শেষে দেশত্যাগের ওই নিষেধাজ্ঞা দেন বিচরক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


