ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম এবং তার স্ত্রী মিসেস ফৌজিয়া ইসলামের আয়কর নথি জব্দের আদেশ দিযেছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, এদিন দুদকের পক্ষে কমিশনের উপ-সহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ আয়কর নথি জব্দ চেয়ে পৃথক দু'টি আবেদন করেন। শুনানি শেষে দু'টি আবেদন মঞ্জুর করেন আদালত।
দুদকের আবেদনে বলা হয়, তাজুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৮০ লাখ ২০ হাজার ৯৩৭ টাকা টাকার সম্পদের মালিকানা সহ দখলে রাখার অভিযোগ রয়েছে। তার ৩৫টি ব্যাংক হিসাবে সন্দেহজনক ৭৩ কোটি ৬২ লাখ ৪০ হাজার ৪৩৯ টাকা জমা ও ৬৬ কোটি ১২ লাখ ৫৭ হাজার ৬৭৮ টাকা উত্তোলন করা হয়েছে। একই সাথে তার স্ত্রী ফৌজিয়া ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৯০ লাখ দুই হাজার চার টাকার সম্পদের মালিকানা সহ দখলে রাখার অভিযোগ রয়েছে। তার স্ত্রীর তাকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা প্রদান এবং ১১টি ব্যাংক হিসাবে সন্দেহজনক ১৩ কোটি ৯৩ লাখ ৫০ হাজান ২০৩ টাকা জমা ও ১৩ কোটি ১৮ লাখ ৪৪ হাজার ৯৭৫ টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। বিদ্যমান অবস্থায় মামলার তদন্তের স্বার্থে তাজুল ইসলাম ও তার স্ত্রীর আয়কর নথি জব্দ করা প্রয়োজন। গত ২২ জানুয়ারি তাদের দু'জনে বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

