জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ

মুগ্ধ হত্যায় অভিযোগ গঠনের আদেশ ২০ আগস্ট

মুগ্ধ হত্যায় অভিযোগ গঠনের আদেশ ২০ আগস্ট

জুলাই বিপ্লবে রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কিনা, এ বিষয়ে আদেশের জন্য ২০ আগস্ট দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

বিজ্ঞাপন

এদিন আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের মামলার অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন। ডিএমপির উত্তরা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সালাহউদ্দিনের পক্ষে শুনানি করেন তার আইনজীবী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। তিনি বলেন, আমার মক্কেল সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি হওয়ার মতো পজিশনে ছিলেন না। তিনি গুলি করেননি, গুলির নির্দেশ দেননি। তার বিরুদ্ধে প্রসিকিউশন সুনির্দিষ্ট কোনো অভিযোগ দেখাতে পারেনি। সুতরাং আমি মামলার অভিযোগ থেকে তাকে অব্যাহতির আবেদন জানাচ্ছি। এই গ্রাউন্ডে অপর আসামিদের পক্ষের আইনজীবীরাও তাদের মক্কেলদের অব্যাহতির আবেদন করেন।

এদিন প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর মার্জিনা রায়হান, আব্দুস সাত্তার পালোয়ান, মইনুল করিম, উদয় তাসমীর, শায়িখ মাহদী, তারেক আব্দল্লাহসহ অন্যরা।প্রসিকিউটর তামীম আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্যের যুক্তি খণ্ডন করে বলেন, প্রসিকিউশনের হাতে আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ রয়েছে। মামলার বিচার শুরু হলে সাক্ষীদের জবানবন্দি ও নথিপত্রের মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণ করতে সক্ষম হব। উভয়পক্ষের শুনানি শেষে অভিযোগ গঠন হবে কিনা, এ বিষয়ে আদেশের জন্য আগামী ২০ আগস্ট দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

এর আগে গত ২১ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানি করে প্রসিকিউশন। আসামিদের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়।

প্রথম অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই উত্তরার ৩ নম্বর সেক্টরে জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিতে সহযোগিতার পাশাপাশি ছাত্র-জনতাকে পানি ও বিস্কুট বিতরণ করছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। এ সময় তিনি গুলিবিদ্ধ হন। ছাত্র-জনতার কয়েকজন তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ওই দিন উত্তরা এলাকায় জাহিদুজ্জামান তানভীন, শেখ ফাহমিন জাফর, মো. শাকিল হোসেন, মো. সাব্বির হোসেন ও সজিব সরকারকে গুলি করে হত্যা করা হয়। এ ছাড়া ওই দিন উত্তরায় এপিসির পেছনের চাকায় পিষ্ট করে উবারচালক মোখলেসুর রহমান দুর্জয়কে হত্যা করা হয়।

দ্বিতীয় অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা এলাকায় রিদোয়ান শরীফ, ছাব্বির ইসলাম, মো. আসাদুল্লাহ ও নাঈমা সুলতানাকে গুলি করে হত্যা করা হয়।

এই মামলার ৮ জন আসামি গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন—ডিএমপি উত্তরা জোনের সাবেক ডিসি মির্জা সালাহউদ্দিন, উত্তরা পূর্ব থানার ওসি মজিবুর রহমান, হোসেন আলী, মনোয়ার হোসেন চৌধুরী রবিন, দেলোয়ার হোসেন ওরফে রুবেল, সোহেল রানা, শাহ আলম এবং ইরফানুল গাজী ওরফে সিয়াম। গতকাল তাঁদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি ১৮ জন আসামি পলাতক রয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন