রাজশাহীর সাবেক শিবির নেতা গোলাম মোর্তোজাকে অপহরণ ও গুমের মামলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের সাবেক কর্মকর্তা মোহাম্মদ সোহায়েলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।
বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা কমান্ডার সোহায়েল র্যাবে থাকাকালীন এই ছাত্রনেতাকে রাজশাহী থেকে উঠিয়ে নিয়ে কয়েক মাস গুম করে ব্যাপক নির্যাতন করেন বলে অভিযোগ করা হয়েছে। এসব কাজের পুরস্কারস্বরূপ তাকে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবেও নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার।
মঙ্গলবার আদালতে ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম ও আব্দুল্লাহ আল নোমান।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মোহাম্মদ সোহায়েলকে নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

