ইসকন নেতা চিন্ময় দাসের জামিন শুনানি রোববার

স্টাফ রিপোর্টার

ইসকন নেতা চিন্ময় দাসের জামিন শুনানি রোববার

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করা সম্মিলিত সনাতনী জাগরণ জোট (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন আগামী রোববার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন আবেদনকারীপক্ষের আইনজীবী।

বহুল আলোচিত এ মামলায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ গত ২ জানুয়ারি চিন্ময়ের জামিন আবেদন খারিজ করে আদেশ দেন। এর পর এ নিয়ে হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে ১২ জানুয়ারি আবেদনটি করেন চিন্ময়। আবেদনটি বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী রোববার বা সোমবার কার্যতালিকায় উঠবে বলে তার চিন্ময়ের আইনজীবী জানান। চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য আমার দেশকে বলেন, আগামী সপ্তাহের রোববার বা সোমবার জামিন আবেদনের ওপর শুনানি হতে পারে।

বিজ্ঞাপন

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়া নিয়ে গত বছরের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে তার উচ্ছৃঙ্খল সমর্থকরা এপিপি ও আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর হওয়ার পর চিন্ময় কৃষ্ণ দাসকে গত বছরের ২৬ নভেম্বর কারাগারে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরদিন জামিন শুনানির দিন ধার্য থাকলেও আইনজীবী হত্যার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিলে আদালতের কার্যক্রম বন্ধ থাকে। পরে আদালত গত ৩ ডিসেম্বর শুনানির দিন ধার্য রাখেন। সেদিন চিন্ময়ের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় আদালত শুনানির জন্য ২ জানুয়ারি পরবর্তী দিন ধার্য রাখেন। সেদিন জামিন আবেদন নামঞ্জুর হয়।

এর আগে গত বছরের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ওই মামলাটি করেন। এ মামলায় চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...