রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিনসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের মোট ৬ নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ৬ জনের মধ্যে অন্যরা হলেন- পটুয়াখালী গলাচিপা উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও চেয়ারম্যান ওয়ানা মারজিয়া নিতু (৪৬), স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম (৫৭), দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ নাসির আহমেদ (৬০), ঢাকা দক্ষিণ ২৪ নম্বর ওয়ার্ড লালবাগ থানা আওয়ামী লীগের সাবেক কমিটির প্রচার সম্পাদক মোঃ নুরুল হক (৬২), মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প বাজার ইউনিট আওয়ামী লীগের সেক্রেটারি মোঃ সাঈদ ওরফে মাছুয়া সাঈদ (৫৪)।
ডিবি সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ১:৩০ টায় রাজধানীর মিরপুর পীরেরবাগ এলাকা থেকে ওয়ানা মারজিয়া নিতুকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগের একটি টিম। অন্যদিকে ডিবি-সাইবার বিভাগের একটি দল রাত আনুমানিক সাড়ে ১২ টায় উত্তরা এলাকায় অভিযান চালিয়ে মোঃ আব্দুস সালামকে গ্রেপ্তার করে।
ডিবি সূত্রে আরও জানা যায়, সোমবার সকাল আনুমানিক ৮:১৫ টায় শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে নাছির উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম। অন্যদিকে রবিবার রাত আনুমানিক ৯ টায় লালবাগ থেকে মোঃ নুরুল হককে, রাত আনুমানিক সাড়ে ১০ টায় পল্লবী এলাকা থেকে মোঃ নাসির আহমেদকে এবং রাত আনুমানিক পৌনে ১২ টার দিকে ওয়ারী এলাকা থেকে মোঃ সাঈদ ওরফে মাছুয়া সাঈদকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল বলে জানিয়েছে ডিবি পুলিশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

