গাজীপুরের সাবেক এমপি আখতারুজ্জামান ৩ দিনের রিমান্ডে

গাজীপুরের সাবেক এমপি আখতারুজ্জামান ৩ দিনের রিমান্ডে

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার (১০ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন। আদালতে প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান। তবে ওই দিন রিমান্ড শুনানি না হওয়ায় তাকে কারাগারে পাঠানো হয়। একই সাথে রিমান্ড শুনানির জন্য আজকের (সোমবার) দিন ধার্য করেন আদালত।

রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি এই মামলার ঘটনার সঙ্গে জড়িত আছে মর্মে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এই মামলার ঘটনার সঙ্গে জড়িত সহযোগী অন্যান্য পলাতক আসামিদের নাম-ঠিকানা সংগ্রহপূর্বক গ্রেপ্তার এবং তাদের রাষ্ট্রবিরোধী অবৈধ পরিকল্পনার তথ্য সংগ্রহ, হেফাজতে থাকা অবৈধ ককটেল বোমার উৎসসহ মামলার ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের জন্য নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদে সাত দিনের পুলিশ রিমান্ড প্রয়োজন।

সোমবার দুপুরে সাবেক এই এমপিকে পুলিশি পাহারায় আদালতে তোলা হয়। পরে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে আইনজীবী ওমর ফারুক ফারুকী, রিমান্ডে নেয়ার পক্ষে যৌক্তিকতা তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ডে নেয়ার ওই আদেশ দেন।

মামলায় অভিযোগ, গত ১৮ জুন সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় নিবাস মজুমদারসহ নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫-৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলে তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ রাষ্ট্রবিরোধী নানা কর্মকাণ্ড চালান। এ ঘটনায় মামলা করে তেজগাঁও থানার পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন