রাজধানীর মিরপুরে শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, ফ্ল্যাট-প্লট দখল এবং কিশোর গ্যাং পরিচালনার অভিযোগে ফোর স্টার গ্রুপের মূল হোতা মেহেদী হাসান ওরফে জয় ও তার দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার মিরপুর মডেল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেহেদী হাসান ওরফে জয় (৩৯), সানজিম হাসান (২৭) ও অমিত হাসান (২৮)। পুলিশ জানিয়েছে, তারা মিরপুরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মফিজুর রহমান মামুন, মশিউর রহমান ও জামিলুর রহমান ওরফে জামিলের আপন ভাগ্নে।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, মেহেদী হাসান ওরফে জয় শীর্ষ সন্ত্রাসী মামুনের নির্দেশে এলাকায় চাঁদাবাজি, ঝুট ব্যবসা দখল ও নিয়ন্ত্রণ, ফ্ল্যাট-প্লট দখল, ফুটপাত নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে। চাঁদাবাজির মাধ্যমে আদায় করা অর্থ মোবাইল ফোন ও বিভিন্ন ব্যাংকিং মাধ্যমে বিদেশে পলাতক মামুন, মশিউর ও জামিলের কাছে পাঠানো হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
এদিকে, সানজিম হাসানের বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠীর নাম ব্যবহার করে কিশোর গ্যাং পরিচালনা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯১ নম্বর ওয়ার্ডে সন্ত্রাসী প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে বিদেশে পলাতক সন্ত্রাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


