নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাসহ পলক রিমান্ডে

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাসহ পলক রিমান্ডে

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর ধানমন্ডিতে রিয়াজ হত্যা মামলায় সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতার চার দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এদিন আদালতে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডে নেয়ার পক্ষে শুনানি করেন। অপরদিকে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ডে নেয়ার এ আদেশ দেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট ধানমন্ডি থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন রিয়াজ। এসময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে নিহত হন তিনি। এ ঘটনায় গত ১০ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় বাদী হয়ে মামলা করেন নিহতের মা শাফিয়া বেগম।

গত বছরের ১৪ আগস্ট রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গ্রেপ্তার করা হয়। এরপর থেকে অসংখ্য হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাকে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

অপরদিকে, গত বছরের ১৮ ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সিয়ামকে রাজধানীর আদাবর এবং নাঈমকে গাজীপুরের শ্রীপুর থেকে আটক করে পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন