গাড়ি থেকে চাঁদা আদায়, ভাইরাল ভিডিওর সেই যুবক রিমান্ডে

গাড়ি থেকে চাঁদা আদায়, ভাইরাল ভিডিওর সেই যুবক রিমান্ডে

রাজধানীর ধানমন্ডির জিগাতলায় প্রাইভেটকার পার্কিং করায় চাঁদা আদায়কারী ভাইরাল ভিডিওর সেই যুবক আশরাফুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এ আদেশ দেন।

এর আগে তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন পুলিশ। আসামিপক্ষ রিমান্ড নামঞ্জুর করে জামিন চেয়ে শুনানি করেন। অপরদিকে, জামিনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক রসিদ দিয়ে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেটকারের মালিকের সঙ্গে তর্কাতর্কি হয় ওই যুবকের। প্রাইভেটকারে বসা একজন ব্যক্তি ওই যুবককে মাস্তানি করছেন বলে প্রশ্ন করেন। উত্তরে ওই যুবক বলেন, ‘হ করতাছি, কোনো সমস্যা?’ এ সময় পাশে থাকা প্রাইভেটকার মালিকের স্ত্রী মাস্তানির বিষয় নিয়ে ওই যুবকের নাম জানতে চান। কিন্তু ওই যুবক বলেন, ‘নাম দিয়ে কী হবে?

ভিডিওতে আরও দেখা যায়, প্রাইভেটকারের মালিক বলছেন, রাস্তার ওপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি।

গাড়ির ভেতর থেকে ভিডিও করছিল দেখতে পেয়ে ওই যুবক চুল নাড়িয়ে বলেন, চেহারাটা সুন্দর করে আইছে? যদি একটা চুল বাঁকা করতে পারো কইরো।

এর পর মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত মধ্যরাতে তাকে আটক করে ধানমণ্ডি থানা পুলিশ।

মামলায় অভিযোগ, গত ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টা ৫ মিনিটে অজ্ঞাতনামা এক প্রাইভেটকার থেকে চাঁদা আদায়ের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি ভাইরাল হলে জনমনে ব্যাপক প্রভাব পড়ে। পরে জানা যায়, সে দীর্ঘ দিন ধরে চাঁদাবাজি করে আসছে। পরবর্তী সময়ে আশরাফুলকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে। এ ঘটনায় ১৫ এপ্রিল তার বিরুদ্ধে মামলা দায়ের করে ধানমন্ডি থানা পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন