রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে।
সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, অভিযানে বাসাটিতে অবস্থানরত ১৫ জনকে আটক করা হয়। তারা কেন সেখানে অবস্থান করছিলেন এবং সেখানে কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইয়াকুব হোসাইন রাজিব (২৬), আরাফাত মিয়া (২২), রিফাত হাওলাদার (১৯), মো. হৃদয় (২১), ফাহিম (১৯), রাজিব হোসেন রানা (২৪), মো. ফিরোজ (২৬), আরিফ হোসেন (২৮), আবদুল্লাহ আল আমান (১৯), মো. আবদুল্লাহ আল নোমান (২১), সোহানুর হোসেন শাহীন (২২), মো. হাসিব (১৯), ফারজানা (২১), মো. হাসিব মিয়া (২৩) ও ওমর ফারুক।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়েছে। তবে মামলার অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শওকত হাসানুর রহমান রিমন বরগুনা-২ আসন থেকে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


-e18c0d-720x405.webp)