কদমতলী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক তিন মন্ত্রীকে

কদমতলী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক তিন মন্ত্রীকে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর কদমতলী থানা এলাকায় কলেজ শিক্ষার্থী মাহাদী হাসান পান্থ হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ'র আদালত এ আদেশ দেন।

এদিন তাদের কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার উপপরিদর্শক মো. আরিফ হোসাইন তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানে গত বছরের ১৯ জুলাই রাজধানীর কদমতলী থানা এলাকায় তোলারাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাহাদী হাসান পান্থ আন্দোলনে অংশ নেন। ঘটনার দিন বিকেলে আসামিদের ছোড়া গুলিতে মারা যায় সে। এ ঘটনায় গত ৮ নভেম্বর কদমতলী থানায় মামলা হয়। এ মামলায় রাশেদ ৭, ইনু ৮ ও পলক ৯ নম্বর এজাহারনামীয় আসামি।

গত বছরের ১৪ আগস্ট রাতে পলককে গ্রেপ্তার করা হয়। ২২ আগস্ট রাশেদ খান মেননকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ২৬ আগস্ট হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়। এরপর অর্ধশতাধিকের বেশি মামলায় তাদের প্রত্যেকে গ্রেপ্তার দেখানোসহ একাধিক বার রিমান্ডে নেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন