ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের ছেলে আরশাদ ওয়ালিউর রহমানকে মৃত্যুর ঘটনায় করা মামলার পুনর্বিবেচনার শুনানি আজ।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আদালত কর্তৃক বোন সিমিন রহমানসহ সব আসামিদের অব্যাহতি দেয়ার বিষয়ে নারাজি দাখিল করে ক্রিমিনাল রিভিশন মামলা করেন শাযরেহ হক। পুনর্বিবেচনার আবেদনটি গ্রহণ করে শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আদালত।
এর আগে ২০২৪ সালের ২০ ডিসেম্বর ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানসহ ৫ জনকে অব্যাহতি দেয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সানাউল্লাহর আদালত।
এ মামলায় ২০২৪ সালে ১০ নভেম্বর তদন্ত শেষে আসামিদের অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন পিবিআই। প্রতিবেদনটি গ্রহণ করে আসামিদের অব্যাহতির ওই আদেশ দেয় আদালত।
২০২৪ সালের ২২ মার্চ আরশাদ ওয়ালিউর রহমানের মৃত্যুর ঘটনায় তার বড় বোন ও ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানসহ ১১ জনকে আসামি করে হত্যা মামলা করেন শাযরেহ হক।
ওই বছরের ৩ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহম্মেদের আদালতে আত্মসমর্পণ করে জামিন পান গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান, বর্তমান চেয়ারম্যান শাহনাজ রহমান এবং হেড অব ট্রান্সফরমেশন যারেফ আয়াত হোসেন।
এরপর ওই বছরের ৩ জুন এসকেএফ ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপক ডা. মুরাদ এবং পরিচালক (বিপণন ও বিক্রয়) ডা. মো. মুজাহিদুল ইসলামসহ সাতজনকে জামিন দেয় আদালত।
জামিন পাওয়া অপর আসামিরা হলেন— ট্রান্সকম গ্রুপের কর্মকর্তা জাহিদ হোসেন, করপোরেট অ্যাফেয়ার্স সেলিনা সুলতানা, ম্যানেজার (করপোরেট অ্যাফেয়ার্স) কে এইচ মো. শাহাদত হোসেন এবং কর্মচারী রফিক ও মিরাজুল।
মামলায় শাযরেহ হক অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে ওয়ারিশদের বঞ্চিত করার উদ্দেশ্যে আরশাদ ওয়ালিউর রহমানকে কৌশলে বিষপ্রয়োগ বা শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর ২৪ মার্চ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী আদালত আরশাদ ওয়ালিউর রহমানের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্ত করতে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন।
জানা যায়, ২০২৩ সালের ১৬ জুন রাজধানীর গুলশানের বাসায় নিজের শোয়ার ঘরে মৃত অবস্থায় আরশাদ ওয়ালিউর রহমানকে পাওয়া যায়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

