জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর বংশালে মো. মোখলেছিনকে হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে নতুন করে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে গ্রেপ্তার দেখানোর এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপ-পরিদর্শক মো. আশরাফ হোসেন আসামিদেরকে আদালতে হাজির করে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেপ্তারের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। শুনানি শেষে ওই আদেশ দেন বিচারক।
মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন আগস্টের ৫ তারিখ মিছিলরত অবস্থায় চানখারপুল মোড়ে নাজিমউদ্দীন রোডে বাদী মো. মোখলেছিন গুলিবিদ্ধ হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়।
ওই ঘটনায় গত বছরের ১ জানুয়ারি ভুক্তভোগী মোখলেছিন বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

