পাবলিক প্লেসে বিনামূল্যে নিরাপদ পানির ব্যবস্থার নির্দেশ হাইকোর্টের

পাবলিক প্লেসে বিনামূল্যে নিরাপদ পানির ব্যবস্থার নির্দেশ হাইকোর্টের

রেল স্টেশন ও হাসপাতালসহ সব পাবলিক প্লেসে বিনামূল্যে নিরাপদ পানির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি সুপেয় পানি পাওয়া নাগরিকের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছেন আদালত।

বৃহস্পতিবার এ বিষয়ে শুনানিতে হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামাল এবং বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

বিজ্ঞাপন

নিরাপদ পানযোগ্য পানি সরবরাহ নিশ্চিতের জন্য আদালত বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছেন। আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের আদালত, ধর্মীয় উপাসনালয়, হাসপাতাল, রেল স্টেশন, হাট-বাজার, বিমানবন্দরসহ পাবলিক স্থানগুলোতে প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ পানযোগ্য পানি নিশ্চিত করতে হবে। আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ এবং পানযোগ্য পানি সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করার ব্যবস্থা নিতে হবে। ২০২৬ সালের মধ্যে সব পাবলিক স্থানে নিরাপদ পানি বিনামূল্যে সরবরাহ করতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সেই মর্মে একটি প্রতিবেদন সরকারকে আদালতে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশটি একটি চলমান আদেশ হিসেবে বহাল থাকবে।

আদালতকে আইনের সহযোগিতা করেন সিনিয়র আইনজীবী মনজিল মোর্শেদ, ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব ও মানবাধিকার সংগঠন বেলার পক্ষ থেকে মিনহাজুল ইসলাম। ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব বলেন, এটি একটি ঐতিহাসিক রায়। রায়টি বাস্তবায়িত হলে দেশের বৃহত্তম জনগোষ্ঠী উপকৃত হবে ও পানিবাহিত রোগ থেকে মানুষ রক্ষা পাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন