১১ মামলায় আত্মসমর্পণ করে বিএনপি নেতা ইসহাক সরকার কারাগারে

১১ মামলায় আত্মসমর্পণ করে বিএনপি নেতা ইসহাক সরকার কারাগারে

রাজধানীর একাধিক থানার পৃথক পৃথক নাশকতার এগারো মামলায় আত্মসমর্পণ করে কারাগারে গেলেন দণ্ডিত যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকার।

বিজ্ঞাপন

রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে ছয় মামলায় ও ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একাধিক আদালতে পাঁচ মামলায় আইনজীবীর মাধ্যমে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি।

শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারকেরা এসব মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইসহাক সরকারের পক্ষের আইনজীবী নজরুল ইসলাম এ-তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ইসহাক সরকারের বিরুদ্ধে বিগত সরকার সময়ে মোট ৩৬৫টি মামলা দায়ের করা হয়। এসব মামলার মধ্যে সর্বোচ্চ ২২ বছর ৬ মাস কারাদণ্ড দেয়া হয়।

জানা যায়, ২০২৩ সালের ৭ নভেম্বর নাশকতার এক মামলায় যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের ৩ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়াও একই বছরের ৭ আগস্ট গাড়ি ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় করা মামলায় ইসহাক আলী সরকারসহ ২১ জনের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

তার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ৩৬৫টি মামলা করা হয়। এসব মামলার মধ্যে ১১টি সাজাপ্রাপ্ত হন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন