নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়াম রহমান ও প্রচার সম্পাদক তরিকুল ইসলাম তারেক'কে জিজ্ঞাসাবাদের জন্য এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক ও মো. সাইফুজ্জামানের পৃথক দুই আদালত এ আদেশ দেন। এর মধ্যে শাহবাগ থানার হত্যাচেষ্টা মামলায় সিয়াম ও পল্টন থানার হত্যা মামলায় তরিকুলের রিমান্ড দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন এ তথ্য জানান।
আদালত সূত্রে জানা গেছে, আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর সিয়ামের সাতদিন ও তরিকুলের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে রিমান্ড আদেশ দেন।
হত্যা মামলায় অভিযোগ, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়। কার্যালয়ে ভাঙচুর চালায়।
কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত বছরের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
হত্যাচেষ্টা মামলায় অভিযোগ করা হয়, ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটির নেতারা উপাচার্যের সঙ্গে দেখা করতে গিয়ে স্যার এ এফ রহমান হলসংলগ্ন নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে ছাত্রলীগের হামলার শিকার হন।
হামলার আগের দিন ২৬ সেপ্টেম্বর ছাত্রদলকে ক্যাম্পাসে ‘প্রতিহত’ করার ঘোষণা গণমাধ্যমে দিয়েছিল ছাত্রলীগ। সেই ঘটনায় গত বছরের ৩০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। এতে ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ ৬৬ জনকে আসামি করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

