শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ

ছাত্রলীগ নেতাকে সেনাবাহিনীর হাতে তুলে দিলেন শিক্ষার্থীরা

ছাত্রলীগ নেতাকে সেনাবাহিনীর হাতে তুলে দিলেন শিক্ষার্থীরা

পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (এসএইচএসএমসি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি ফাইজুর রহমান ফাহিম। পরে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেন শিক্ষার্থীরা। আটক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ৫ আগস্টের আগে শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

বুধবার সন্ত্রাসবিরোধী আইনে ফাহিমকে আদালতে পাঠিয়েছে শের-ই-বাংলা নগর থানা পুলিশ। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আটক শিক্ষার্থী রাষ্ট্রীয় নিষিদ্ধ সংগঠনের সদস্য। আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আইনে আদালতে পাঠিয়েছি।’

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে কলেজের ১১তম ব্যাচের মেডিসিনের পরীক্ষা দিতে আসলে ফাহিমকে আটক করে শিক্ষার্থীরা। পরে তাকে সেনাবাহিনীর হাতে সোপর্দ করা হয়। মব প্রতিরোধে সেনাবাহিনী ফাহিমকে শের-ই-বাংলা নগর থানায় হস্তান্তর করে।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফাহিম ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ দিহান পরীক্ষা দিতে আসছেন, এমন সংবাদে মঙ্গলবার সকাল থেকেই নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে কলেজ প্রাঙ্গণে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, নির্যাতনের পরও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদেরকে যোগশাজশে পরীক্ষার ব্যবস্থা করছে কলেজ প্রশাসন। অথচ আওয়ামী লীগের পতনের কিছু দিন আগেও ফাহিম ১০ জনের অধিক শিক্ষার্থীকে নির্যাতন করে হল থেকে বের করেছে। জুলাই গণঅভ্যুত্থানেও প্রত্যক্ষভাবে নিপীড়নের সঙ্গে জড়িত।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। আটক ছাত্রলীগ নেতাসহ ৫ আগস্টের আগে যেসব ছাত্রলীগ নেতার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ রয়েছে, তাদের ব্যাপারেও কমিটি খতিয়ে দেখবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

জানতে চাইলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাকি মোহাম্মদ জাকিউল আলম আমার দেশকে বলেন, ‘ওই শিক্ষার্থীর ব্যাপারে আগের কিছু অভিযোগ রয়েছে। আটকের পর বিষয়টি নিয়ে আজ একাডেমিক কাউন্সিলের সভা হয়েছে। ইতোমধ্যে একটি কমিটি করে দেওয়া হয়েছে। ওই শিক্ষার্থীসহ যাদের বিরুদ্ধে অতীতে নির্যাতনের অভিযোগ রয়েছে, সবগুলোর তদন্ত করবে কমিটি। সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন