এক যুগ আগে নাশকতার অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ ২৯ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ মামলায় তাদের অব্যাহতি চেয়ে শুনানি করেন। এসময় আদালতে সশরীরে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু।
এ মামলার অপর আসামিরা হলেন- বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, যুবদল নেতা হামিদুর রহমান হামিদ।
আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, মামলাটি প্রত্যাহারের জন্য আবেদন করা হয়। আজ এ বিষয়ে শুনানি শেষে মামলাটি প্রত্যাহার করে সব আসামিকে মামলার দায় থেকে অব্যাহতি দেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ রাজধানীর রমনা থানাধীন শান্তিনগর এলাকায় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। এসময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় রাজধানীর রমনা থানার তৎকালীন উপ-পরিদর্শক মো. আশফাক রাজীব হাসান মামলা দায়ের করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

